১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্সির বুকে দ্বিতীয় তারকা যোগ করতে দৃঢ়প্রতিজ্ঞ ইংল্যান্ড

৬০ বছরের অপেক্ষা ঘোচানোর অভিযানে নিজেদের প্রস্তুত মনে করছেন ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্ন।

জার্সির বুকে দ্বিতীয় তারকা যোগ করতে দৃঢ়প্রতিজ্ঞ ইংল্যান্ড
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 07:58 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

ইংল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে পাঁচ যুগ! এরপর আর কখনও ফাইনালেই খেলতে পারেনি দলটি। এবার দীর্ঘ সেই অপেক্ষার ইতি টানতে মুখিয়ে আছে তারা। আত্মবিশ্বাসী কণ্ঠে সেই লক্ষ্যের কথাই শোনালেন ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্ন।

১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করেই বাজিমাত করে ইংল্যান্ড। ঘরের মাঠে ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব সেরার ট্রফি ঘরে তোলে তারা।

এরপর বিশ্বকাপে ইংলিশদের সর্বোচ্চ সাফল্য দুইবার চতুর্থ হওয়া, ১৯৯০ ও ২০১৮ সালে। কাতারে অনুষ্ঠিত গত আসরে তারা বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে।

জার্মান কোচ টমাস টুখেলের কোচিংয়ে এবার ৬০ বছরের খরা কাটাতে আত্মবিশ্বাসী ৩৪ বছর বয়সী নিউক্যাসল ইউনাইটেড ফুটবলার বার্ন।

“আমরা এমন কিছু (শিরোপা জিততে) চাই না, এখানে এসে এটা বলা অর্থহীন। আমরা জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করতে চাই, এটাই মূল চ্যালেঞ্জ। আমরা এটাই করতে চাই।”

আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ২০১৮ সালে ক্রোয়াটদের বিপক্ষেই সেমি-ফাইনালে হেরেছিল তারা। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

বেইস ক্যাম্প ভেন্যু ক্যানসাস সিটিতে শনিবার পৌঁছায় ইংল্যান্ড দল। এর আগে ফ্লোরিডায় ছিল দলটি। বার্ন মনে করছেন, ফ্লোরিডায় কাটানো সময় সামনে গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাদের সাহায্য করবে।

বিশ্বকাপ শুরুর প্রায় এক সপ্তাহ পর ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে। এই অপেক্ষা দলের ওপর নেতিবাচক কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না বার্ন।

“আমার মনে হয় না এটা (পরে টুর্নামেন্ট পরে শুরু করা) আমাদের ওপর কোনো (নেতিবাচক) প্রভাব ফেলবে। বরং এটা আমাদের টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো দেখার, আবহ বোঝার…আগামী সপ্তাহে মাঠে নামার আগে তা বুঝতে কিছুটা অতিরিক্ত সময় দিচ্ছে।”