২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রেয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের ভাগ‍্য বদলের আশায় রুমেনিগে

এবারের কোয়ার্টার-ফাইনালে জিতে চ‍্যাম্পিয়ন্স লিগে রেয়ালের মাদ্রিদের বিপক্ষে হারের চক্র ভাঙতে চায় বায়ার্ন মিউনিখ।

রেয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের ভাগ‍্য বদলের আশায় রুমেনিগে
কয়েক মৌসুম ধরে রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের বাধা পার হতে পারছে না বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 09:48 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যেন বায়ার্ন মিউনিখের জন‍্য দুঃস্বপ্ন রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম দলটির বিপক্ষে দেখা হলেই বিদায় নিশ্চিত জার্মান চ‍্যাম্পিয়নদের! এই ধারার ইতি টানতে চান দলটির কিংবদন্তি ও বোর্ডের সদস‍্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

আগামী ৭ এপ্রিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রেয়ালের বিপক্ষে খেলবে বায়ার্ন। 

এমনিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই জার্মানির দলটি। উয়েফার তথ‍্য অনুযায়ী, ২৮ ম‍্যাচে রেয়ালের জয় ১৩টিতে, বায়ার্নের জয় ১১টিতে, বাকি চারটি ড্র।

কিন্তু ২০১১-১২ মৌসুমের পর থেকে ইউরোপ সেরার মঞ্চে চিত্রটা ভিন্ন। ২০১৩-১৪ মৌসুমে সেমি-ফাইনালের দুই লেগেই হারে বায়ার্ন। ২০১৬-১৭ মৌসুমে একই পরিণতি হয় কোয়ার্টার-ফাইনালে। 

২০১৭-১৮ মৌসুমে সেমি-ফাইনালে রেয়ালের মাঠে ড্র করলেও নিজেদের মাঠে হেরে বিদায় নেয় বায়ার্ন। ২০২৩-২৪ মৌসুমে একই ধাপে নিজেদের মাঠে ড্র করা দলটির বিদায় নিতে হয় রেয়ালের মাঠে হেরে! 

স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা এএস-এর সঙ্গে আলাপচারিতায় এই ধারার ইতি টানতে উন্মুখ থাকার কথা বললেন রুমেনিগে।

“এই যুগে বায়ার্ন ও রেয়ালের লড়াই সবেচেয়ে কাঙ্ক্ষিত ম‍্যাচ। ২০০০ সালের দিকটায় আমরাই রেয়ালের জন‍্য সব কঠিন করে তুলেছিলাম। আর সাম্প্রতিক বছরগুলোতে তারাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তারা এক দশকে পাঁচবার চ‍্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এরপর আর কোনো ব‍্যাখ‍্যার প্রয়োজন নেই।” 

বুন্ডেসলিগায় দারুণ সাফল‍্য পেয়ে রেয়ালের কোচ হয়েছিলেন শাবি আলোন্সো। কিন্তু বেশিদিন টিকতে পারেননি তিনি। রুমেনিগে মনে করেন, সাফল‍্যের পথ বের করে নিয়েছেন নতুন কোচ আলভারো আরবেলোয়া।

“আরবেলোয়া আবার সঠিক ফর্মুলা খুঁজে পেয়েছে এবং দল নিজের সেরা পাফরম‍্যান্স করছে।”