১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুল লড়াইয়ের প্রস্তুতি নিতে পিএসজির লিগ ম্যাচ স্থগিত

লঁসের বিপক্ষে পিএসজির লিগ ম্যাচ এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

লিভারপুল লড়াইয়ের প্রস্তুতি নিতে পিএসজির লিগ ম্যাচ স্থগিত
পিএসজি দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 10:17 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে পিএসজি। লিভারপুলের বিপক্ষে দুই লেগের মাঝে লিগ আঁয় লঁসের সঙ্গে খেলার কথা ছিল লুইস এনরিকের দলের। সেই ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ইউরোপ সেরার মঞ্চে আগামী ৮ এপ্রিল প্যারিসে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। অ্যানফিল্ডে দ্বিতীয় লেগ ১৪ এপ্রিল। এই দুই ম্যাচের মাঝে ১১ এপ্রিল লঁসের মাঠে খেলার কথা ছিল পিএসজির।

ফরাসি লিগের আয়োজক- এলএফপি বৃহস্পতিবার জানিয়েছে, পিএসজি ও লঁসের ম্যাচটি আগামী ১৩ মে সরিয়ে নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় ব্রেস্তের বিপক্ষে স্ত্রাসবুরের ম্যাচটিও ১৩ মে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপা কনফারেন্স লিগের শেষ আটের লড়াইয়ের দ্বিতীয় লেগে আগামী ১৬ এপ্রিল মাইন্সের মুখোমুখি হবে স্ত্রাসবুর। ওই ম্যাচটির প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

লিগ টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে পিএসজি ও লঁসের। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারীরা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

পিএসজির ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধের বিরোধিতা আগেই করেছিল লঁস। কিন্তু সেটা কানে নেয়নি এলএফপি।