Published : 18 Aug 2024, 11:16 AM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের জন্য অভিজ্ঞদের কয়েকজনকে ছাড়াই দল সাজিয়েছেন গ্যারেথ সাউথগেট। তবে এনিয়ে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ড কোচ। ‘নতুন চেহারার’ দল নিয়েই ইউরোতে সমর্থকদের মন জয় করতে আত্মবিশ্বাসী তিনি।
২৬ জনের দলে রয়েছে অভিজ্ঞতার ঘাটতি। জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের। বাদ পড়েছেন লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহ ও এভারটন ডিফেন্ডার জ্যারড ব্র্যাথওয়েইট।
ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকেও দলে রাখেননি সাউথগেট। জায়গা হয়নি টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্সেরও।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলা ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার এবেরিসে এজে টিকে গেছেন দলে। বসনিয়া ম্যাচ দিয়ে অভিষেক হয় এজের ক্লাব সতীর্থ অ্যাডাম হোয়ার্টনের। ২০ বছর বয়সী এই মিডফিল্ডারও আছেন ইংলিশদের ইউরোর দলে।
এই দল নিয়েই দর্শকদের মুগ্ধ করতে পারবেন বলে মনে করছেন ইংলিশ কোচ সাউথগেট।
“দল নির্বাচন নিয়ে আজ কিছুটা হতাশা আছে। তবে আমরা যে খেলোয়াড়দের বেছে নিয়েছি তাদের নিয়ে অনেক রোমাঞ্চও থাকবে। দলে কয়েকজন খেলোয়াড় এসেছে যাদের দেখে মনে হবে আমরা যেভাবে খেলি তারা এর চেয়ে ভিন্ন।”
“আমার মনে হয়, সমর্থকরা এতে মুগ্ধ হবে। ওয়েম্বলিতে খেলার খুব কম সুযোগ পেয়েছে এমন খেলোয়াড়দের জন্য এটা হবে রোমাঞ্চকর… স্কোয়াড নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।”
আগামী ১৬ জুন সার্বিয়া ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে গত আসরের রানার্স আপ ইংল্যান্ড। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও স্লোভেনিয়া।