Published : 19 Jan 2026, 12:43 PM
মাঠে তো নাটকের পর নাটক হয়েই গেছে। আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিতর্ক, উত্তেজনা, রোমাঞ্চ, কমতি ছিল না কিছুরই। সেসবের রেশ বয়ে এলো ম্যাচ শেষের অনেক পরে সংবাদ সম্মেলনেও। সংবাদকর্মীদের দুয়ো শুনে সংবাদ সম্মেলনে কথা না বলেই কক্ষ ছেড়ে গেলেন চ্যাম্পিয়ন সেনেগালের কোচ পাপ চাও।
ফাইনালের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের কেন্দ্রে ছিলেন চাও। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফাউলের শিকার হন আসরজুড়ে অসাধারণ পারফর্ম করা মরক্কোর তারকা ব্রাহিম দিয়াস। লম্বা সময় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
মনিটর দেখার সময়ই রেফারিকে ঘিরে ধরেছিলেন ফুটবলারদের অনেকে। তার সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠে সেনেগালের ফুটবলাররা ও কোচিং স্টাফ। অবিশ্বাস্যভাবে, একটু পর গোটা দলকে মাঠ ছাড়তে বলেন কোচ চাও। কোচের নির্দেশনা মেনে মাঠ ছেড়ে যান একজন ছাড়া সবাই। কেবল দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানে রয়ে যান মাঠে।
মানে পরে ড্রেসিং রুমে গিয়ে গোটা দলকে বুঝিয়ে আবার মাঠে নামান। ততক্ষণে পেরিয়ে গেছে ১৪ মিনিট। পেনাল্টি বহাল থাকে। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার দিয়াস পেনাল্টি নেন। তিনি বেছে নেন ঝুঁকির পথ। রেয়াল মাদ্রিদ তারকার দুর্বল পানেনকা শট সহজেই ধরে ফেলেন সেনেগালের গোলকিপার।
মাঠ ছেড়ে যাওয়া সেই সেনেগালই পরে ম্যাচ জিতে যায় অতিরিক্ত সময়ের গোলে।
মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেনেগালের কোচের ভাবনা জানা যেত ম্যাচের পর সংবাদ সম্মেলনে। তবে তিনি কক্ষে ঢুকতেই মরক্কোর সাংবাদিকরা দুয়ো দিতে থাকেন ও ব্যঙ্গ করতে থাকেন। সেনেগালের সাংবাদিকরা অবশ্য তালি দিচ্ছিলেন।
টুর্নামেন্টের কর্মকর্তারা চেষ্টা করছিলেন পরিস্থিতি সামাল দিতে। কিন্তু দুয়ো থামেনি। এক পর্যায়ে কক্ষ ছেড়ে যায় চাও।