লেভানদোভস্কির ২, ফাতির ১ গোলে জয়ে ফিরল বার্সা
প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে তিন গোল করে ভিয়ারিয়ালকে হারাল কাতালান দলটি।
রক্ষণ জমাট রেখে প্রথম আধা ঘণ্টায় বার্সেলোনাকে ভালোভাবেই আটকে রাখল ভিয়ারিয়াল। পরে অবশ্য ভেঙে গেল তাদের সব বাধ। চমৎকার দুটি গোল উপহার দিলেন রবের্ত লেভানদোভস্কি। জালের দেখা পেলেন আনসু ফাতিও। জয়ের পথে ফিরল শাভি এরনান্দেসের দল।
কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে লা লিগায় ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।
প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে গোল তিনটি করে কাতালান দলটি। চার মিনিটে লেভানদোভস্কির দুই গোলের পর একটি করেন ফাতি।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ ড্র করে টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুয়ারে চলে যাওয়ার পর লা লিগায় রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।
ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করা বার্সেলোনা তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায়। ডি-বক্সে লেভানদোভস্কির হেড পাসে ফাতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
বেশিরভাগ সময় বল থাকছিল ভিয়ারিয়ালের অর্ধেই। তাদের গোলরক্ষকের পরীক্ষা যদিও নিতে পারছিল না বার্সেলোনা। ১৯তম মিনিটে ফাতির একটি হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
৩১ থেকে ৩৫, এই চার মিনিটে লেভানদোভস্কির দারুণ দুই গোলে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
প্রথমটিতে পেদ্রির থ্রু বল বাঁ দিকে ধরে জর্দি আলবা পাস দেন বক্সে। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে ডান পায়ের শটে জালে পাঠান পোলিশ তারকা।
পরের গোলে অবদান রাখেন গত সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতা গাভি। এই স্প্যানিয়ার্ডের পাসে জায়গা বানিয়ে ফের ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ওই অনুষ্ঠানে বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত হওয়া লেভানদোভস্কি।
আসরে ১০ ম্যাচে ২০২০ ও ২০২১ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১১টি। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৪ ম্যাচে ১৬ গোল।
দুই মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন ফাতি। ডান দিক থেকে ফেররান তরেসের পাসে শুরুতে কাছ থেকে শট নিতে পারেননি তিনি। বল তার পায়ে লেগে পোস্টে বাধা পায়, এরপর ব্যাকহিল ফ্লিকে জালে পাঠান তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। পরিষ্কার সুযোগ যদিও তৈরি করতে পারছিল না তারা।
৭৫তম মিনিটে ম্যাচের দুই গোলদাতা লেভানদোভস্কি ও ফাতির জায়গায় উসমান দেম্বেলে ও রাফিনিয়াকে নামান শাভি।
দুই মিনিট পর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। দেম্বেলের পাস বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে বাইরে মেরে বসেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
যোগ করা সময়ে ব্যবধান কমানোর ভালো একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
