১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কঠিন পরীক্ষায় প্রতিপক্ষকে গোলে ভাসাতে চান ওলমো

দলের প্রয়োজনে প্রিয় পজিশন ছেড়ে নিচে নেমে খেলতেও প্রস্তুত এই অ্যাটাকিং মিডফিল্ডার।

কঠিন পরীক্ষায় প্রতিপক্ষকে গোলে ভাসাতে চান ওলমো
দানি ওলমো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 08:59 AM

Updated : 26 Aug 2026, 02:48 PM

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সরাসরি খেলতে হলে আসছে ম্যাচে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। কেবল তাই নয়, অন্যদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকতে জয়ের ব্যবধানটাও হতে হবে বড়। জটিল সমীকরণ সহজ করে তুলতে দানি ওলমোও যত বেশি সম্ভব গোল করতে চান।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে বুধবার কোপেনহেগেনের বিপক্ষে খেলবে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে নবম স্থানে আছে বার্সেলোনা। তাদের ওপর ও নিচের আরও সাতটি দলেরও পয়েন্ট সমান ১৩।

অষ্টম রাউন্ড শেষেও তাই বিবেচনায় আসতে পারে গোল ব্যবধানের হিসাব। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তাই গোল পার্থক্যকে সমৃদ্ধ করায় জোর দিলেন ওলমো।

“(বুধবারের) প্রথম লক্ষ্য ম্যাচ জয়, এরপর যত বেশি সম্ভব গোল করা। অন্যান্য ম্যাচ নিয়ে আমরা ভাবতে চাই না।”

গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডারকে ছাড়াই ম্যাচটি খেলতে হবে বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগের গত রাউন্ডে স্লাভিয়া প্রাহার বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেদ্রি। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ফ্রেংকি ডি ইয়ং।

দুই সতীর্থকে হারানোর হতাশা ঝরল ওলমোর কণ্ঠে। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডারের আত্মবিশ্বাসের কমতি নেই।

“ফ্রেংকি ও পেদ্রিকে না পাওয়া বড় ক্ষতি। তবে আমি আরও পেছনে খেলতে পরি। অন্যান্য সময়ে আমি ওই পজিশনে খেলেছিও। কাসাদো, বের্নাল ও এরিক ৬ নম্বর হিসেবে খেলতে পারে।”

ডেনমার্কের দল কোপেনহেগেন আপাতত টেবিলের নিচের সারিতে আছে, ৮ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে। তবে বার্সেলোনার বিপক্ষে জিততে পারলে ও অন্যান্য ম্যাচের ফল পক্ষে এলে তারা টিকে যেতে পারে। 

পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, এর মধ্যে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।