‘ফাইনালে ভারতকেই চাই’
বারবার ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে আছেন ইমরান-মিরাজরা।
ছেলেদের বয়সভিত্তিক ফুটবলে প্রাথমিক লক্ষ্য অনেকবার পূরণ হলেও স্বপ্ন পূরণের গল্প ততটা লেখা হয় না। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের হতাশার স্মৃতিই যেমন এখনও টাটকা। রাউন্ড রবিন লিগে ভারতকে হারানোর পর তাদের কাছে ফাইনালে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। আসছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ নিয়ে তাই প্রশ্নটা উঁকি দিচ্ছে-ফের যদি ফাইনালে দেখা হয় ভারতের সঙ্গে?
কোনো ‘কিন্তু-যদি’র মধ্যেই যেতে চান না বাংলাদেশ অধিনায়ক ইমরান খান! ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চান তিনি। মধুর প্রতিশোধ নিয়ে ভুবনেশ্বরের ব্যর্থতা কলম্বোয় ঝেড়ে ফেলতে চান এই ডিফেন্ডার।
ছয় দল নিয়ে আগামী সোমবার শ্রীলঙ্কার কলম্বোয় শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ। উদ্বোধনী দিনেই দল মুখোমুখি হবে স্বাগতিকদের।
২০১১ সালে শুরুর পর থেকে এই টুর্নামেন্ট বিভিন্ন বয়সীদের নিয়ে হয়েছে। কখনও অনূর্ধ্ব-১৫, কখনও অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ বয়সীদের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সবশেষ ২০১৯ সালের প্রতিযোগিতায় ফাইনালে ওঠা হয়নি। এবার তাই শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠাই প্রাথমিক লক্ষ্য ইমরানের।
“অনুশীলনে সবাই সেরাটা দিয়ে চেষ্টা করেছে, আশা করা যায়, আমরা ভালো কিছু করব। প্রথম ম্যাচ জিতে শুরু করতে চাই। প্রথম ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়বে। সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া; আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।”
লক্ষ্য পূরণের সঙ্গে প্রতিশোধ নেওয়ার এই মিশনে থাকছে ভুবনেশ্বরে এ মাসের শুরুতে হেরে যাওয়া দলের ১০ জন। অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক ইমরানও ছিলেন ওই সফরে। এবার তিনি দলনেতা। তাই প্রতিশোধ নেওয়ার দুর্নিবার আকাঙ্খা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে একটু বেশিই।
স্কোরিং নিয়ে অবশ্য দুর্ভাবনা আছে ইমরানের। তবে এ দলে ভুবনেশ্বরের প্রতিযোগিতায় চার গোল করা মিরাজুল ইসলাম থাকায় স্বস্তিও আছে অধিনায়কের।
“আমাদের কমতি স্কোরিংয়ে। স্কোরিংয়ের (কমতির) জন্যই আমরা একটু পিছিয়ে আছি। আশা করা যায় এই আসরে ওটা হবে না, ভালো কিছুই হবে। আমাদের যে স্ট্রাইকার আছে মিরাজ, ও পুরোপুরি ফিট আছে। আমাদের শক্তির জায়গা হচ্ছে, বিগত এক বছর আমরা যে পরিশ্রম করেছি, পেস, রানিং এগুলো।”
ফিফার নিষেধাজ্ঞার কারণে এ প্রতিযোগিতায় ভারতের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে তাদের। খুশি বাংলাদেশ অধিনায়ক ইমরানও! বুধবার সংবাদ সম্মেলনে এই উঠতি ডিফেন্ডার রাখ-ঢাক না করেই জানালেন তা।
“আমরা যখন ভারতের কাছে হেরেছি (অনূর্ধ্ব-২০), খারাপ লেগেছে। এরপর আমরা যখন দেশে ফিরলাম, তখন শুনলাম ভারত এই টুর্নামেন্টে খেলবে না, তখন সবাই বলছে, ওরা খেললে ভালো হতো। কেননা, ফাইনালে আমরা প্রতিপক্ষ হিসাবে ভারতকেই চাই।”
“ওদের কাছে বারবার হারছি, তো সবার ভেতরে একটা জেদ আছে। এবার যদি ভারত-বাংলাদেশ ফাইনাল হয়, সবার মধ্যে এই আত্মবিশ্বাস কাজ করছে-এবার আমরা জিতব। এবার ওদেরকে হারিয়ে ইনশাল্লাহ শিরোপা জিতব।”
কোচ পল থমাস স্মলি অবশ্য একটু সাবধানী। তিনি আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের ছকে থাকছেন। গোল নিয়ে যে হাহাকার, তা দূর করতে করণীয় সবকিছু করবেন বলেও জানালেন।
“গত কয়েক সপ্তাহের অনুশীলনে আমরা প্রথম ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়েছি। প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুরুতে স্বাগতিকদের মুখোমুখি হওয়া সবসময়ই কঠিন। তবে আমার ভালো শুরু চাই। আমি সবসময় বিশ্বাস করি, আমাদের এই দলটার ফাইনালে খেলার সামর্থ্য আছে।“
“তবে এখন আমরা প্রথম ম্যাচ নিয়ে ভাবছি। এরপর দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবব। (স্কোরিংয়ের কমতি নিয়ে) আমার এবং আমার সহকর্মীদের দায়িত্ব ছেলেরা কিভাবে সুযোগ তৈরি করবে এবং সেগুলো কাজে লাগাবে সেগুলো নিশ্চিত করা এবং এগুলো নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছি আমরা।”
