২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোনালদোর সমালোচনার জবাবে যা বললেন অ্যামুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দল নিয়ে কোচ অ্যামুরি ‘অলৌকিক’ কিছু করতে পারবেন না- রোনালদোর এমন মন্তব্যের জবাব দিলেন তার সাবেক জাতীয় দল সতীর্থ।

রোনালদোর সমালোচনার জবাবে যা বললেন অ্যামুরি
হুবেন অ্যামুরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 10:51 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর তীব্র সমালোচনার পর কোচ হুবেন অ্যামুরি মেনে নিলেন, ক্লাব আগে ভুল করেছে। তবে অতীত ভুলে সবাইকে সামনের দিকে তাকাতে বললেন তিনি। 

দুই মেয়াদে আট বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো রোনালদো সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউনাইটেড ‘ঠিক পথে নেই’ এবং বর্তমান দল নিয়ে অ্যামুরি ‘অলৌকিক’ কিছু করতে পারবেন না। 

“সে (অ্যামুরি) তার সেরাটা দিচ্ছে। সে আর কী করবে? অলৌকিক কিছু? অলৌকিক কিছু অসম্ভব… সে অলৌকিক কিছু করতে পারবে না। খেলোয়াড়রাও নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের ভালো খেলোয়াড় আছে, কিন্তু তাদের মধ্যে কিছু খেলোয়াড়ের ধারণাই নেই যে, ম্যানচেস্টার ইউনাইটেড আসলে কী।”

২০২৪ সালের নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া অ্যামুরির কাছে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে রোনালদোর মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে সামনে তাকানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। 

“সে (রোনালদো) জানে, তার প্রতিটি কথার বড় প্রভাব রয়েছে। আমাদের যা করতে হবে তা হলো, ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া। আমরা জানি, ক্লাব হিসেবে অতীতে আমরা অনেক ভুল করেছি; কিন্তু আমরা তা পরিবর্তন করার চেষ্টা করছি। তাই যা হয়ে গেছে, সেদিকে মনোযোগ না দিই।”

“চলুন আমরা এখন যা করছি, তাতে মনোযোগ দিই এবং আমরা তাই করছি। আমরা কাঠামোর অনেক কিছু পরিবর্তন করছি। আমরা যেভাবে কাজ করি, আমরা চাই খেলোয়াড়রা তেমনই আচরণ করুক। আমরা তাই করছি, আমরা উন্নতি করছি।”

অনেক দিন ধরে অতীতের কঙ্কাল হয়ে থাকা ইউনাইটেডের উন্নতির প্রমাণ মিলছে তাদের পারফরম্যান্সেও। প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর সবশেষটি ড্র করেছে তারা। অ্যামুরির কোচিংয়ে এর আগে কখনও টানা দুই লিগ ম্যাচ জিততে পারেনি দলটি। 

এবারের লিগে ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে এখন আট নম্বরে আছে ইউনাইটেড। আগামী শনিবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে তারা।