১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জায়গা পাওয়ার লড়াই দারুণ লাগছে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ানের

গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করার কথাও বলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণ লেফট-ব্যাক।

জায়গা পাওয়ার লড়াই দারুণ লাগছে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ানের
জায়গা পাওয়া লড়াই উপভোগ করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 07:19 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ইসা ফয়সাল বাদ পড়ে যাওয়ায় লেফট-ব্যাক পজিশনে মূলত লড়াইটা এখন অভিজ্ঞ রহমত মিয়া ও তরুণ জায়ান আহমেদের মধ্যে চলছে। এই লড়াই দারুণ উপভোগ করছেন জায়ান। যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেফট-ব্যাক বললেন, এক পজিশনে একাধিক খেলোয়াড়ের উপস্থিতি দলের জন্য ভালো।

ঢাকায় এসে গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও সামলাতে হচ্ছে জায়ানকে। তবে, সব প্রতিকূলতা ডিঙিয়ে ২২ বছর বয়সী এই তরুণ আসছে আসিয়ান কাপে খেলতে মুখিয়ে আছেন। 

আসিয়ান কাপ শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। দলের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় পাচ্ছেন না জায়ান। গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া এই ফুটবলারের মনে হচ্ছে, ক্লাবের হয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়ার ফলে তার সমস্যা হবে না।

“আমি প্রি-সিজন শেষ করেছি, অনেকগুলো প্রীতি ম্যাচ এবং ইতিমধ্যে দুটি লিগ ম্যাচও খেলেছি। তাই প্রি-সিজন থেকে সরাসরি এখানে আসাটা আমার জন্য খুবই সহায়ক হয়েছে। আমার মনে হয় এটা আমার জন্য বড় একটা বাড়তি সুবিধা। 

“ফিরে আসতে পেরে ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হওয়াটা আনন্দের। এখন পর্যন্ত অনুশীলন ভালোই চলছে। আবহাওয়া বেশ গরম, সেটার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। আর জানেনই তো, আমি একটু আগেই চলে এসেছি। ক্লাবকে বলেছিলাম আমি আগেভাগে আসব, কারণ আসিয়ান গেমস অনেক বড় একটা টুর্নামেন্ট। তাই আমি আগেই আসতে চেয়েছিলাম এবং ভালো কিছু করতে চাই। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আমরা ভালো করব।”

দলের মধ্যে জায়গা পাওয়ার লড়াইকে জায়ান দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।

“আমি মনে করি এটা (যে কোন পজিশনে একাধিক খেলোয়াড় থাকা) ভালো একটা বিষয়। আমার মতে, আমরা যদি উন্নতি করতে চাই, তবে একটি পজিশনে একাধিক খেলোয়াড় থাকাটা খুবই ইতিবাচক। আমি মনে করি, এটি দলের জন্য দারুণ একটি বিষয়।

“একজন লেফট-ব্যাক হিসেবে, লেফট-উইং পজিশনে ভালো বিকল্প থাকাটা আমার কাজ অনেক সহজ করে দেয়। লেফট-ব্যাক এবং লেফট-উইংয়ের মধ্যকার বোঝাপড়াটা অত্যন্ত জরুরি। তাই, আমাদের হাতে অনেক বিকল্প থাকাটা আমাকে যেমন সাহায্য করে, তেমনি দলের জন্যও তা ভালো।”