Published : 14 Aug 2026, 08:30 PM
প্রস্তুতি নিয়ে তুষ্টি আছে। প্রথমবারের মতো এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলার রোমাঞ্চও সঙ্গী। কিছুটা খচখচানি আছে আক্রমণভাগে ঋতুপর্ণা চাকমার মতো নির্ভরতা না থাকায়। তবে, রাজশাহী স্টার্স কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক শিউলি আজিম প্রত্যয়ী কণ্ঠে বললেন, স্রেফ অংশ নেওয়ার জন্য যাচ্ছেন না তারা।
ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার প্রিলিমিনারি রাউন্ড শুরু করবে রাজশাহী স্টার্স। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি এবং এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসি।
মালয়েশিয়া যাওয়ার আগে বাফুফে ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে রাজশাহী কোচ, অধিনায়ক তুলে ধরেন তাদের ভাবনা। দুটি উইমেন’স সাফ জয়ী ডিফেন্ডার শিউলি প্রতিশ্রুতি দিলেন সামর্থ্যের সবটুকু নিংড়ে দেওয়ার। চ্যাম্পিয়ন্স লিগের খেলা আসছে এশিয়ান গেমসেও কাজে লাগবে বলে মনে করেন তিনি।
“ক্লাবের সবাই ইতিবাচক ছিলেন বলেই আমরা আজকে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে খেলতে যাচ্ছি। এটাই আমাদের প্রথম অংশ নেওয়া, আমাদের মনে হয় যে, এখানে অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। তারপরেও আমি বলব আমাদের দলে এখন শক্তিমত্তা যোগ হয়েছে; আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার।
এশিয়ান গেমসের আগে এটা আমাদের জন্য একটা প্রস্তুতিও হয়ে যাবে। কারণ, এই ম্যাচগুলো খেলে আমাদের যে ভুলত্রুটিগুলো আছে, সেগুলো শুধরানোর সুযোগ পাব এবং আমরা নিজেদের অবস্থান বুঝতে পারব।”
এই দলের সঙ্গী হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু গত জুনে রাজশাহী স্টার্স থেকে তিনি যোগ দেন মিয়ানমারের দলে। তবে, বর্তমানে যারা আছেন, শিউলি, আলপিদের অনেকে জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। দলের সামর্থ্য নিয়ে তাই একবিন্দু সংশয় নেই কোচ গোলাম রব্বানী ছোটনের।
“আমাদের যারা প্রতিপক্ষ আছে, তারা বেশ ভালো দল। কিন্তু আমাদের দলও পিছিয়ে নেই, কারণ আমাদের খেলোয়াড়দেরও অনেকে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার এবং তারা এশিয়ার মঞ্চে তারা বড় বড় দলের সাথেও লড়াই করেছে, অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলে খেলে।
আমাদের নেপালি একজন খেলোয়াড়ও আছে (বিমলা বিকে)। আমরা গত ৮ তারিখ থেকে অনুশীলন করছি। আশা করি, আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারব এবং মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, তাহলে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
প্রিলিমিনারি রাউন্ড পেরুতে হলে গ্রুপ সেরা হতে হবে। সেক্ষেত্রে রাজশাহী স্টার্সের মূল প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচে ছোটনের দল খেলবে তাদের বিপক্ষে। ভারতের বিপক্ষে জাতীয় দলের বিগত সময়ের পারফরম্যান্স টেনে প্রথম উইমেন’স সাফ জয়ী এই কোচ শোনালেন আশাবাদ।
“আমাদের মেয়েদের বিগত ছয় সাত বছরের পারফরম্যান্স যদি দেখেন, তারা কিন্তু খুবই ভালো করছে। তারা প্রতিনিয়ত আন্তর্জাতিক ফুটবলের মধ্যেই ছিল এবং গত লিগে রাজশাহী স্টার্সের যারা সেরা পারফর্ম করেছে এবং রানার্সআপ হওয়া ফরাশগঞ্জের যারা সেরা পারফরমার এবং পুলিশ এফসির সেরা খেলোয়াড়দের নিয়েই দল গড়েছি আমরা।
ভারতের জাতীয় দলের সাথে তো আমাদের প্রতিনিয়তই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখন খুব ভালোভাবে আমরা তাদের সাথে লড়াই করছি এবং মালয়েশিয়ার সাথেও সবশেষ ঢাকায় খেলেছিলাম, সেখানে আমরা খুব ভালোভাবে জিতেছিলাম। মেয়েদের এখন বিশ্বাস করতে হবে নিজেদের সামর্থ্যে। এই দলের যারা এশিয়ান কাপে চীন, উত্তর কোরিয়ার বিপক্ষে খেলেছে, এরকম যদি মালয়েশিয়ায় খেলতে পারে, তো আমি মনে করি আমাদের পরের রাউন্ডে যাওয়া লক্ষ্য পূরণ হতে পারে।”