১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদে আরও এক বছর রুডিগার

শিরোপাহীন মৌসুমের পর, দল পুনঃগঠনে রক্ষণভাগকে শক্তিশালী করার চেষ্টা করছে ক্লাবটি।

রেয়াল মাদ্রিদে আরও এক বছর রুডিগার
আন্টোনিও রুডিগার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 07:14 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে রেয়াল মাদ্রিদ।

ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার খবরটি জানানো হয়েছে। নতুন চুক্তিতে ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন এই জার্মান।

২০২৫-২৬ মৌসুম দিয়েই রেয়ালের সঙ্গে রুডিগারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো। বিশ্বকাপে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন এবং এই অভিযানের মাঝেই ফ্রি এজেন্ট হয়ে যেতেন তিনি।

রক্ষণের শক্তি ধরে রাখতে তাই ৩৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে ধরে রাখল বের্নাবেউয়ের ক্লাবটি।

২০২২ সালে চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে, এই দলের নিয়মিত খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন তিনি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৮২ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রেসহ মোট আটটি শিরোপা জিতেছেন রুডিগার।

যদিও চোটের ছোবলে ২০২৫-২৬ মৌসুমটা একদমই ভালো কাটেনি তার; সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন কেবল ২৬টি ম্যাচ। সময়টা বাজে কেটেছে তার দলেরও, কোনো শিরোপা ছাড়াই শেষ হয়েছে মৌসুম।

সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে দলকে নতুন করে গোছানোর জন্য কাজ করছেন ক্লাবটির পুনঃনির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস ও তার কর্মকর্তারা। দলের ঘুরে দাঁড়ানোর অভিযানে থাকতে পেরে খুব খুশি রুডিগার। ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন নিজের অনুভূতি।

“রেয়াল মাদ্রিদের সঙ্গে যাত্রাপথটা নতুন করে সাজানো আমার জন্য গর্বের মুহূর্ত; তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সতীর্থদের সঙ্গে মিলে ব্যর্থতা ভুলে দলকে আবার সাফল্যের পথে ফেরানো।”

“আমরা এখন এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন সামর্থ্যের সবটা দেওয়া প্রয়োজন। ব্যর্থতাগুলো আমাদের পরীক্ষা নিয়েছে, কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, এই চ্যালেঞ্জই চাই আমি।”

সবশেষ মৌসুমে চোট আর ফর্মহীনতায় অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে রুডিগারকে। নতুন চুক্তি সেরে তিনি বললেন, ওইসব সমালোচনা তাকে কেবলই অনুপ্রাণিত করে।

দল পুনঃগঠনে বিশেষ করে রক্ষণে শক্তি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পেরেস। সেই লক্ষ্যে গত সোমবার প্রথম পদক্ষেপ নিয়েছে ক্লাবটি- চেলসি থেকে স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেইয়াকে দলে এনেছে তারা।