২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘চমৎকার’ র‍্যাশফোর্ডকে পরের ধাপে ওঠার তাড়া দিলেন ফ্লিক

ইংল্যান্ডে ফিরে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এই জোড়া গোল মার্কাস র‌্যাশফোর্ডকে আরও অনুপ্রাণিত করবে, বিশ্বাস বার্সেলোনা কোচের।

‘চমৎকার’ র‍্যাশফোর্ডকে পরের ধাপে ওঠার তাড়া দিলেন ফ্লিক
মার্কাস র‍্যাশফোর্ডের সঙ্গে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ম্যানচেস্টার ইউনাইটেডে এক দশকের ক্যারিয়ারে শেষদিকে এসে হঠাৎ করেই ব্রাত্য হয়ে পড়া মার্কাস র‍্যাশফোর্ড বার্সেলোনার জার্সিতে যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে স্তুতির জোয়ারে ভাসছেন ইংলিশ ফরোয়ার্ড। তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও। তবে এই জার্মান কোচের মতে, র‍্যাশফোর্ডের সামনে এখনও অনেকটা পথ বাকি।

সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই হয়েছে। পজেশন রাখায় ও গোলের জন্য শট নেওয়ায় বার্সেলোনা এগিয়ে থাকলেও, শেষ বাঁশির আগ পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নতুন আসর শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৫৮তম মিনিটে হেডে ডেডলক ভেঙে দলকে এগিয়ে নেওয়ার ৯ মিনিট পর, ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন র‍্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন।

গত জুলাইয়ে ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়ে, দলটির হয়ে এই ম্যাচেই প্রথম জালের দেখা পেলেন র‌্যাশফোর্ড। জোড়া গোল করে হয়ে গেলেন জয়ের নায়ক। ম্যাচের পর ফ্লিক তার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি উন্নতির ধারা ধরে রাখার তাগিদ দিলেন।

“আমার চোখে, এটা কেবলই তার প্রথম পদক্ষেপ। তাকে পরের ধাপে যেতে হবে।”

“চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে, বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে ইংল্যান্ডের মাটিতে নিউক্যাসলের বিপক্ষে তার এই গোলগুলো, অসাধারণ। এটা তাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ওল্ড ট্র্যাফোর্ডে কোচের আস্থা হারানোর পর গত ফেব্রুয়ারিতে ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ের জন্য অ্যাস্টন ভিলায় যোগ দেন। সেখান থেকে পুনরায় ইউনাইটেডে ফিরলেও স্কোয়াডে জায়গা পাননি তিনি। পরে জুলাইয়ে কিছুটা চমক জাগিয়েই ২৭ বছর বয়সী ফুটবলার এক বছরের চুক্তিতে যোগ দেন কাতালান ক্লাবটিতে।

বার্সেলোনার তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরুতে কিছুটা সমালোচনাও হয়। অবশ্য র‌্যাশফোর্ডকে নিয়ে সংশয়ের কারণও ছিল বৈকি। তবে ক্লাবটির কর্তারা শুরু থেকেই ছিলেন আশাবাদী।

বার্সেলোনার জার্সিতে প্রথম চার ম্যাচে গোলশূন্য থাকার পর, অবশেষে প্রত্যাশার প্রতিদান দুর্দান্তভাবেই দিলেন র‌্যাশফোর্ড। অবশ্য গত রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে সন্তোষজনক পারফরম্যান্স দেখান তিনি। রাফিনিয়ার একটি গোলে অবদানও রাখেন।

সংবাদ সম্মেলনে র‌্যাশফোর্ডের উচ্ছ্বসিত প্রশংসায় কোচ ফ্লিক বলেন, “(তার গোলগুলো) দেখে আমি মোটেও বিস্মিত নই। আমার মতে, সে চমৎকার খেলোয়াড়। তার দক্ষতা ও ফিনিশিংয়ে সামর্থ্য অবিশ্বাস্য।”

“আমার মনে হয়, প্রথমার্ধেও সে সুযোগ তৈরির চেষ্টা করেছে, কিন্তু ওই সময় ফিনিশিং ঠিকঠাক হয়নি। দ্বিতীয়ার্ধে হয়েছে।”

পরের ম্যাচে লা লিগায় গেতাফের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা পরের ম্যাচ খেলবে আগামী ১ অক্টোবর পিএসজির বিপক্ষে।