১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘প্রতিশোধের’ জন্য প্রস্তুত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

আসছে মৌসুমে পুরোনো হতাশা মুছে কক্ষপথে ফেরার ব্যাপারে আশাবাদী দলটির ডিফেন্ডার লেনি ইয়োরো।

‘প্রতিশোধের’ জন্য প্রস্তুত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বে ‘সফল’ যুক্তরাষ্ট্র সফর শেষে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরো। তার এই বার্তা বিশেষ কোনো প্রতিপক্ষ নিয়ে নয়, বরং গত মৌসুমের ব্যর্থতা থেকে নিজেদের জাগিয়ে তুলতে দিয়েছেন তিনি। 

গত মৌসুমের পুরোটায় ভীষণ বাজে সময় কাটে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় লিগ টেবিলে ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা, প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। লিগ কাপে বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে আর এফএ কাপে পঞ্চম রাউন্ড থেকে। 

একমাত্র ইউরোপা লিগে তুলনামূলক বেশ ভালো সময় কাটে দলটির; কিন্তু সেখানেও ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয় তারা।

নতুন মৌসুমে কক্ষপথে ফেরার লক্ষ্যে প্রস্তুতিপর্বে আশানুরূপ পারফরম্যান্স করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র সফরের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ ও বোর্নমাউথের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পথে দলটির পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। শেষ ম্যাচে সোমবার এভারটনের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ করে তারা।

তবে পুরোনো হতাশা ঝেড়ে ফেলার মিশনে সফরটিকে দলটির জন্য ইতিবাচক বলা যেতেই পারে। ফরাসি সেন্টার-ব্যাক ইয়োরোর কণ্ঠেও মিলে রইল আত্মবিশ্বাসের ছোঁয়া।

“ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে হলে, অবশ্যই নিজেকে সেরারূপে মেলে ধরার মানসিকতা থাকতে হবে। আমার মতে, গত মৌসুমে আমরা যা করেছি তা বড় একটা ভুল ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে এই অবস্থানে থাকলে চলবে না। সমর্থকরা এটা জানে, সবাই জানে। আমি মনে করি, আমরাও এটা বুঝি।”

“এই মৌসুম আমাদের জন্য ব্যতিক্রম হবে। এটা হবে অনেকটা গত মৌসুমের প্রতিশোধের মতো। আমাদের ভালো করতে হবে।”

ঘরের মাঠে আগামী শনিবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইউনাইটেড, ফিওরেন্তিনার বিপক্ষে।

এরপর আগামী ১৭ অগাস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু হবে আমুরির দলের।