০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিকেএসপি ঘুরে দেখলেন জাইমা, ফুটবল ম্যাচে করলেন গোলও

ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে তিনি সেখানে যান। পরে মেয়েদের হোস্টেলে তাদের সঙ্গে দুপুরের খাবারও খান।

বিকেএসপি ঘুরে দেখলেন জাইমা, ফুটবল ম্যাচে করলেন গোলও
বিকেএসপিতে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি মেয়েদের সঙ্গে সোমবার ফুটবল খেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 11:19 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঘণ্টা কয়েকের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ফুটবলও খেলেছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

ক্রীড়াপ্রেমী জাইমা খেলার সময় একজনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাম পায়ের শটে গোলও করেছেন।

সোমবার তার এ গোল দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে তিনি সেখানে গেছেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন, ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

বিকেএসপিতে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি মেয়েদের সঙ্গে সোমবার ফুটবল খেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

বিকেএসপিতে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি মেয়েদের সঙ্গে সোমবার ফুটবল খেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

এসময় উপস্থিত একজন বলেন, ঘুরে দেখার সময় জাইমা বিকেএসপির পরিবেশ, ক্রীড়া কাঠামো, প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে ধারণা নেন। দুপুরে মেয়ে ক্যাডেটদের সঙ্গে হোস্টেলে খাবারও খেয়েছেন।

জাইমা সকাল ১০টায় বিকেএসপিতে গিয়ে সেখানে ছিলেন বেলা ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ক্রিকেট ও ফুটবল মাঠ, শুটিং কেন্দ্রসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি হওয়া অ্যাথলেটদের সঙ্গে সময় কাটিয়েছেন গল্প করে। 

দুপুরের দিকে মেয়ে ক্যাডেটদের সঙ্গে তাদের হোস্টেলে যান জাইমা। সেখানকার পরিবেশ, অনুশীলন ও আবাসন সুবিধা দেখেন। দুপুরে তাদের সঙ্গে খাওয়া-দাওয়াও সারেন তিনি।

বিকেএসপিতে সোমবার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

বিকেএসপিতে সোমবার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

ঘুরে দেখার এক পর্যায়ে নারী ফুটবলারদের সঙ্গে জাইমার ফুটবল খেলার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গোলবারের সামনে ‘ডি’ বক্সের সামনে কাছাকাছি থাকা এক নারী ফুটবলারকে বল দেন তিনি। ফিরতি পাসে বাম পায়ের শটে গোল করেন।

ঘুরে দেখার সময় তার সঙ্গে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।