‘কঙ্গোর বিপক্ষে অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় ইংল্যান্ড’
ইংল্যান্ড কোচ টমাস টুখেল বললেন, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নয়, বরং বাস্তবতার শক্ত জমিনে পা রেখে ম্যাচটি খেলবে তার দল ।
অনুমিতভাবেই ডিআর কঙ্গোর বিপক্ষে ‘ফেভারিট’ ইংল্যান্ড। তবে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে এ পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনায় সতর্ক ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বললেন, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নয়, বরং বাস্তবতার শক্ত জমিনে পা রেখে ম্যাচটি খেলবে তার দল।
টাইব্রেকারের ভাবনাও মাথায় আছে টুখেলের। নকআউট পর্বে এখনও পর্যন্ত দুই ম্যাচ গড়িয়েছে পেনাল্টি শুটআউট। এছাড়া, শেষ দিকের গোলে নির্ধারিত হয়েছে ম্যচের ভাগ্য। ইংল্যান্ড কোচ বললেন, টাইব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছেন তারা।
চলতি আসরে, শেষ বত্রিশে থেকে বিদায়ঘণ্টা বেজেছে জার্মানি ও নেদারল্যান্ডসের। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে, নেদারল্যান্ডসকে মরক্কো। শেষ দিকের গোলে জাপানের বিপক্ষে ব্রাজিল এবং আইভরি কোস্টের বিপক্ষে জিতেছে নরওয়ে।
আটলান্টায়, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় শেষ ষোলায় ওঠার লড়াইয়ে কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। জার্মানি, নেদারল্যান্ডসের ম্যাচগুলোর প্রসঙ্গ টেনে টুখেল বললেন, নবাগত কঙ্গো একটা বাড়তি সুবিধা পাবে।
“আমি মনে করি, ওই ম্যাচগুলোর ফল এক দিক থেকে আমাদের শান্তই করছে। ন্যুনতম ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ম্যাচগুলো। আটসাঁট ছিল ম্যাচগুলো এবং এটা আমাদের সাহায্য করছে অতিরিক্ত প্রত্যাশা না করতে। বিশ্ব ফুটবলে এবং এই বিশ্বকাপে যা ঘটছে, বুঝতে এগুলো সাহায্য করছে আমাদের।
“দলগুলো দারুণভাবে অনুপ্রাণিত; সর্বোচ্চ পর্যায়ের রক্ষণ এবং ভালোভাবে প্রস্তুত। যে কোনো প্রতিপক্ষকে ভেঙে ফেলা কঠিন, বিশেষ করে, আপনি যখন ফেভারিট হিসেবে খেলতে নামবেন; বিশেষ করে, আপনি যখন এমন দলের মুখোমুখি হবেন, যাদের কিছু হারানোর ভয় নেই।”
টাইব্রেকারের চাপ নিতে পারেনি জার্মানি ও নেদারল্যান্ডস। টুখেলও মানছেন, এই পরিস্থিতির সাথে যে কারো মানিয়ে নেওয়া কঠিন। তবে, আশ্বস্ত করলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা বলে।
“আমি মনে করি, এই চাপের সাথে মানিয়ে নেওয়া খুবই কঠিন। তবে, আমরা যতটুকু পেরেছি, প্রস্তুতি নিয়েছি। এফএ’র কর্মসূচি আছে এবং সেটা পুরোপুরি আমরা অনুশীলন করি। কেননা, টাইব্রেকার নকআউট পর্বের একটি নির্দিষ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ।
