১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের বয়সভিত্তিক ফুটবলারকে বিশ্বকাপে দেখা যেতে পারে আরেক জার্সিতে

বিশ্বকাপের আগেই আফ্রিকার দলটির জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে এই স্ট্রাইকারের।

ফ্রান্সের বয়সভিত্তিক ফুটবলারকে বিশ্বকাপে দেখা যেতে পারে আরেক জার্সিতে
ইন্টার মিলানের জার্সিতে আইশ-ইয়োয়ান বনি। ছবি: বনির ইনস্টাগ্রাম থেকে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

আইশ-ইয়োয়ান বনির জাতীয়তা পরিবর্তনের আবেদন মঞ্জুর করেছে ফিফা। ফলে, আসছে বিশ্বকাপে কোত দি ভোয়ার হয়ে খেলতে পারবেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

বনির জন্ম ফ্রান্সে। দেশটির হয়ে দুই বছর আগে অনূর্ধ্ব-২১ ফুটবলও খেলেছেন তিনি। এখন কোত দি ভোয়ার হয়ে বিশ্ব মঞ্চে নামার হাতছানি তার সামনে।

শুক্রবার কোত দি ভোয়া বংশোদ্ভূত বনির আবেদন মঞ্জুর করে তাকে আফ্রিকার দেশটির হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য আগামী শুক্রবার দল ঘোষণা করার কথা রয়েছে কোত দি ভোয়ার। ধারণা করা হচ্ছে, ২২ বছর বয়সী বনিকে বৈশ্বিক আসরের স্কোয়াডে রাখবে তারা।

চলতি মৌসুমে ইন্টার মিলানের সেরি আ শিরোপা পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বনি। ইতালিয়ান ক্লাবটির জার্সিতে ‘সুপার সাব’ হিসেবে মাঠে নেমে লিগে পাঁচটি গোল করেন তিনি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে কোত দি ভোয়া। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা একুয়েডর, জার্মানি ও কুরাসাও।

আগামী ১৫ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোত দি ভোয়া।

বিশ্বকাপের আগেই দলটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেতে পারে বনির। আগামী ৪ জুন প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে কোত দি ভোয়া।