Published : 07 Sep 2026, 08:14 PM
চ্যাম্পিয়ন্স লিগে অভিযানের শুরুতেই ইন্টার মিলানের মতো শক্ত প্রতিপক্ষের সামনে রেয়াল মাদ্রিদ। এই কঠিন পরীক্ষার আগে একটা ভালো খবর পেয়েছে দলটি। চোট কাটিয়ে উঠেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় এবার প্রথম ধাপে যে আট দলের বিপক্ষে খেলবে রেয়াল, তাদের ছয়টিই নিজেদের লিগের চ্যাম্পিয়ন। ইন্টার যেমন লিগ সেরি আর শিরোপাধারী।
ইতালিয়ান দলটির বিপক্ষে মঙ্গলবার ঘরের মাঠে খেলবে প্রতিযোগিতাটির সফলতম ক্লাবটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার একটায় (এএম)।
আগের দিন সংবাদ সম্মেলনে এন্দ্রিককে নিয়ে ইতিবাচক তথ্য জানান রেয়াল কোচ জুজে মরিনিয়ো। পেশির সমস্যা কাটিয়ে উঠলেও এখনও বেশি সময় খেলার মতো অবশ্য ফিট নয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
“আগামীকাল সে হয়তো ৫ মিনিট খেলতে পারবে। অথবা ১০ মিনিট, সর্বোচ্চ। এতটুকুই।”
প্রাক-মৌসুমে শালকের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের আগে ওই চোট পান এন্দ্রিক। ওই কারণে লিগে প্রথম চার ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। লম্বা সময় অনুশীলনই করতে পারেননি গত বিশ্বকাপে খেলা এই তরুণ।
প্রায় তিন সপ্তাহ বাইরে থাকার পর তার অনুশীলনে ফেরার কথা জানালেন মরিনিয়ো।
“প্রথমবারের মতো সে গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছে। (চোট পাওয়ার পর থেকে) সে খেলেনি… ৫-১০ মিনিটের বেশি খেলার জন্য সে ফিট নয়। কিন্তু বেঞ্চে যেহেতু আমাদের অনেক পজিশন উন্মুক্ত আছে, তাই সে দলে থাকবে। এবং সে পাঁচ মিনিটের মতো খেলবে।
“সে আক্রমণভাগের খেলায়াড়, সে আক্রমণেই খেলবে। চিন্তা করবেন না, সে ফুল-ব্যাক বা সেন্টার-ব্যাক হিসেবে খেলবে না। সে আক্রমণেই থাকবে।”
লা লিগায় টানা তিন জয়ে দারুণভাবে মৌসুম শুরুর পর, সবশেষ ম্যাচে বড় ধাক্কা খেয়েছে রেয়াল। হেরে গেছে রেয়াল বেতিসের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরুর আগে তাতে দলটির আত্মবিশ্বাসে চোট লাগতে পারে।
অন্যদিকে, সবশেষ ম্যাচে অসাধারণ এক জয়ে শতভাগ সাফল্যের ধারা ধরে রেখেছে ইন্টার। রেয়ালের হারের দিনেই গত শনিবার, নাপোলির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মিলানের দলটি।