বন্যায় স্থগিত রেয়াল-ভালেন্সিয়া ম্যাচও
ভালেন্সিয়ায় এই সপ্তাহান্তের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও। ভালেন্সিয়ার মাঠে রেয়াল মাদ্রিদের শনিবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
লা লিগার অনুরোধে বৃহস্পতিবার ভালেন্সিয়ায় এই সপ্তাহান্তের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
আগের দিন কোপা দের রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ।
প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে স্পেনের সরকার।
লা লিগায় শনিবার ভিয়ারেয়াল ও রায়ো ভাইয়েকানোর লড়াই এবং সোমবার মালাগার বিপক্ষে লেভান্তের দ্বিতীয় বিভাগের হোম ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রেয়ালের বিপক্ষে লেভান্তের।
