Published : 27 Nov 2025, 08:03 PM
চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার আগেই বার্সেলোনা শিবিরে নতুন দুশ্চিন্তা। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটিতে কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে নামা ফের্মিন লোপেসকে দুই সপ্তাহের জন্য হারাল কাতালান দলটি।
ক্লাবটির বিবৃতিতে জানানো হয়েছে, ডান পায়ের পেশির চোটে ভুগছেন লোপেস। তার সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে।
স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে লিখেছে, গত শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সানসেতের ট্যাকলে ব্যথা পান লোপেস। গুরুতর ওই ফাউলের জন্য লাল কার্ড দেখেন সানসেত এবং সেই আঘাতে চেলসি ম্যাচের আগেও কিছুটা ব্যথা অনুভব করছিলেন লোপেস।
অস্বস্তি নিয়েই মঙ্গলবার চেলসির বিপক্ষে খেলতে নামেন এই স্প্যানিশ মিডফিল্ডার। পরে ৬২তম মিনিটে তাকে তুলে নেন কোচ।
তারকা মিডফিল্ডার পেদ্রিকে নিয়ে অবশ্য সুসংবাদ পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। আলাভেসের বিপক্ষে আগামী শনিবারের লিগ ম্যাচে তার ফেরার বিষয়ে আশাবাদী বার্সেলোনা।
পেদ্রি ফিরলে লোপেসকে হারানোর ধাক্কাও কিছুটা সামলে নিতে পারবে বার্সেলোনা।
লা লিগায় এর পরের ম্যাচে আগামী মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। লোপেসের অনুপস্থিতিতে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দানি ওলমোর আবার শুরুর একাদশে ফেরার পথ খুলতে পারে।
লা লিগায় ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।