১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্তাদের উদ্দেশে ঝাঁঝালো মন্তব্যের পর চাকরি হারালেন ইউনাইটেড কোচ

চুক্তির মেয়াদের ১৮ মাস বাকি থাকতেই বরখাস্ত হলেন হুবেন অ্যামুরি।

কর্তাদের উদ্দেশে ঝাঁঝালো মন্তব্যের পর চাকরি হারালেন ইউনাইটেড কোচ
শেষ হয়ে গেল হুবেন অ্যামুরির ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 05:34 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

এমন কিছুই যেন হওয়ার ছিল। দলের পারফরম্যান্স তো এমনিতেই যাচ্ছেতাই। তারওপর সবশেষ ম্যাচে হোঁচটের পর বোর্ড কর্তাদের দিকে তীর্যক মন্তব্য করেন হুবেন অ্যামুরি। ফলাফল- ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন এই পর্তুগিজ।

প্রিমিয়ার লিগে রোববার লিডস ইউনাইটেডের মাঠে ১-১ ড্রয়ের পরদিন তাকে বরখাস্ত করল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইউনাইটেডের চলমান ব্যর্থতার গল্প অবশ্য বেশ পুরোনো। কয়েক বছর ধরেই নিজেদের খুঁজে ফিরছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। একের পর এক হার আর সাদামাটা পারফরম্যান্সের দায়ে ২০২৪ সালে চাকরি হারান দলটির সাবেক কোচ এরিক টেন হাগ। 

তার উত্তরসূরি হিসেবে ওই বছরের নভেম্বরে দায়িত্ব নেন অ্যামুরি। ওল্ড ট্র্যাফোর্ডে আসার আগের চার মৌসুমে স্পোর্তিংয়ে দারুণ সফল ছিলেন তিনি। কিন্তু ইউনাইটেডে সেই সাফল্যের গল্প লিখতে পারেননি ৪০ বছর বয়সী কোচ।

বরং দিনে দিনে যেন আরও অধারাবাহিক হয়ে ওঠে দলটি। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে ফল নিয়ে লিগ শেষ করে তারা।

চলতি মৌসুমে মাঝেমধ্যে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, তা বাস্তবে রূপ নেয়নি। তাতে শুরু হয় তীব্র সমালোচনা। এরপরও দায়িত্ব চালিয়ে যাওয়ার আশায় ছিলেন অ্যামুরি; কিন্তু বোর্ড কর্তাদের আস্থা ধরে রাখতে পারলেন না।

সবশেষ বড় ধরনের সমস্যাটা তিনি তৈরি করেন নিজেই। রোববার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে কোনোমতে ১-১ ড্র করতে পারে তারা। এরপরই সংবাদ সম্মেলনে বোর্ডের কর্তাদের উদ্দেশ করে কড়া মন্তব্য করেন অ্যামুরি।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো খেলোয়াড় না কেনার বিষয়ে গত শুক্রবার হতাশা প্রকাশ করেছিলেন অ্যামুরি। দুদিন আগের ওই কথা নিয়ে লিডস ম্যাচের পর প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানে আমি ম্যানেজার হতে এসেছিলাম, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে নয় এবং এটা পরিষ্কার।”

পরের কথায় ক্লাবের কর্তাদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে যায়।

“আমি আমার কাজ করব এবং প্রতিটি বিভাগে, স্কাউটিং বিভাগ, ক্রীড়া পরিচালক, সবার নিজেদের কাজ করা উচিত।”

২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাকি ছিল অ্যামুরির। সেই পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি। কিন্তু তা আর হলো না।

অ্যামুরির সঙ্গে চুক্তি শেষ করার কথা জানিয়ে দেওয়া বিবৃতিতে ইউনাইটেড লিখেছে, “ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে এখন ষষ্ঠ স্থানে আছে, এই অবস্থায় অনিচ্ছাসত্ত্বেও ক্লাবের পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পরিবর্তন আনার এটাই সঠিক সময়।” 

“এতে সম্ভাব্য সেরা অবস্থায় থেকে প্রিমিয়ার লিগ শেষ করার সেরা সযোগ পাবেন দল।”

শেষটা ভালো না হলেও, বিদায়বেলায় অ্যামুরিকে এখানে তার ১৪ মাসের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, ভবিষ্যতের জন্য জানিয়েছে শুভকামনা।

অ্যামুরির কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচ খেলে কেবল ২৫টি জিততে পেরেছে ইউনাইটেড। 

গত অগাস্টে ওল্ড ট্র্যাফোর্ডে ২০ বছর থাকার ইচ্ছার কথা বলেছিলেন অ্যামুরি; কিন্তু টিকতে পারলেন কেবল ১৪ মাস। ২০১৪ সালে দলটির প্রধান কোচের পদে মাত্র আট মাস টিকেছিলেন ডেভিড ময়েস, তার পর থেকে সবচেয়ে কম সময় থাকতে পারলেন অ্যামুরি।

অন্তবর্তীকালীন কোচ হিসেবে এখন কাজ চালিয়ে নেবেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। আগামী বুধবার লিগে বার্নলির বিপক্ষে ম্যাচে তিনিই থাকবেন ইউনাইটেডের ডাগ্আউটে।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে ১-১ ড্রয়ে গত বছর শেষের পর, লিডসের বিপক্ষে হোঁচট খেয়ে নতুন বছর শুরু করেছে দলটি। ২০ ম্যাচে মাত্র আটটিতে জিতে ও সাতটি ড্র করে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা, শীর্ষস্থান থেকে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে ১৭ পয়েন্টে।