১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিক্সিংয়ের অভিযোগ, কানাডায় প্রবেশের অনুমতি পাননি ওয়াহি

এই অভিযোগে বিশ্বকাপের আগে গ্রেপ্তার হয়েছিলেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।

ফিক্সিংয়ের অভিযোগ, কানাডায় প্রবেশের অনুমতি পাননি ওয়াহি
এলি ওয়াহি। ছবি রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এলি ওয়াহিকে পাচ্ছে না কোত দি ভোয়া। ম্যাচটির জন্য কানাডায় প্রবেশের অনুমতি পাননি এই ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমের খবর, লিগ আঁয় স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিশ্বকাপের আগে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াহিকে। নিসের হয়ে মেসের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পাওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মার্সেইয়ের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে ‘দা অ্যাথলেটিক’-কে নিশ্চিত করা হয়েছে, ফ্রান্সের লিগ আঁয় খেলা ২৩ বছর বয়সী এক ফুটবল খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছিল, তবে ওয়াহির নাম উল্লেখ করা হয়নি।

ফরাসি লিগ কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে, তাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছিল যে, ‘ওয়াহির পাওয়া হলুদ কার্ড ঘিরে অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণে বাজি ধরা হয়েছিল।’

কোত দি ভোয়া ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো ‘বিচারিক বা প্রশাসনিক পদক্ষেপের’ বিষয়ে তাদের জানানো হয়নি। তবে তারা নিশ্চিত করেছে, এই খেলোয়াড় কানাডায় প্রবেশের অনুমতি পাননি।

এই কঠিন সময়ে ওয়াহির পাশে থাকার ঘোষণাও দিয়েছে ফেডারেশন।

ফিলাডেলফিয়ায় গত রোববার একুয়েডরের বিপক্ষে কোত দি ভোয়ার ১-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওয়াহি। শনিবার টরন্টোতে জার্মানির মুখোমুখি হবে দলটি। আর আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরসাওয়ের বিপক্ষে খেলবে আফ্রিকার দেশটি। ওয়াহি এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।

এবারের বিশ্বকাপে কানাডায় ঢুকতে না পারা দ্বিতীয় ফুটবলার ওয়াহি। এর আগে যুক্তরাজ্যে চলমান ফৌজদারি মামলার কারণে ঘানার টমাস পার্টিকে ভিসা দেয়নি কানাডা।