১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভাবনীয় হারে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ‘ক্লান্ত’ সিনারের

এবারের ফরাসি ওপেনের সবচেয়ে বড় অঘটন ধরা হচ্ছে এটিকে।

অভাবনীয় হারে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ‘ক্লান্ত’ সিনারের
ইয়ানিক সিনারের ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 09:55 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

প্রথম দুই সেটে অনায়াস জয়ের পর তৃতীয় সেটে এগিয়ে ৫-১ গেমে। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ইয়ানিক সিনারের মুঠোয়। কিন্তু পরের সময়টায় নাটকীয়ভাবে পাল্টে গেল চিত্র। প্রচণ্ড গরমে ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন ইতালিয়ান তারকা। বিস্ময়করভাবে পরের ২০ গেমের ১৮টিই হেরে গেলেন তিনি! স্মরণীয় এক জয় তুলে নিলেন হুয়ান মানুয়েল সেরুন্দোলো।

সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে এবারের ফরাসি ওপেন। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার। বৃহস্পতিবার ম্যাচটি ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১, ৬-১ গেমে জিতেছেন র‍্যাঙ্কিংয়ের ৫৬ নম্বর খেলোয়াড় সেরুন্দোলো।

তার মূল প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস চোটের কারণে সরে দাঁড়ানোয় এবার পুরুষ এককের সবচেয়ে ফেভারিট ছিলেন সিনার। সাম্প্রতিক সময়ে ক্লে কোর্টে তাকে কেউ সেভাবে চ্যালেঞ্জই জানাতে পারেনি। মন্টে কার্লো, মাদ্রিদ ও রোমে ক্লে কোর্টের শিরোপা জিতে এবং দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯টি মাস্টার্স টুর্নামেন্টের সবগুলো জয়ের কীর্তি গড়ে প্যারিসে পা রাখেন তিনি।

কিন্তু তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল আসরের শুরুর দিকেই। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে শুধু এটাই এখনও জিততে পারেননি ২৪ বছর বয়সী এই তারকা।

টানা ৩০ ম্যাচ জয়ের ধারায় থেকে সেরুন্দোলোর বিপক্ষে খেলতে নামেন সিনার। প্রথম সেট তিনি জিতে নেন সহজেই। তাকে বেশ স্বচ্ছন্দেই খেলতে দেখা যায় তখন।

দ্বিতীয় সেটের শেষের দিকে সেরুন্দোলো প্রতিরোধ গড়ে তোলেন। তবে দুর্দান্ত ফোরহ্যান্ড উইনার মেরে ম্যাচে সিনার লিড দ্বিগুণ করলে, আর্জেন্টাইন খেলোয়াড়ের সামনে পথ কঠিন হয়ে পড়ে।

চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার বিরতির সময় একটি বরফ-তোয়ালে দিয়ে শরীর ঠান্ডা করেন। তৃতীয় সেটে অবাছাই প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য ধরে রেখে ৫-১ ব্যবধানে এগিয়ে যান তিনি, কিন্তু এরপরই তিনি সমস্যায় পড়তে শুরু করেন এবং ৫-৪ গেমে সার্ভ করার সময় খেলা থামিয়ে দেন।

মেডিকেল টাইমআউট নিয়ে কোর্ট ছাড়ার আগে সিনারকে বলতে শোনা যায়, “তৃতীয় সেটে আমার মাথা ঘুরছিল এবং বমি পাচ্ছিল, কিন্তু করতে পারিনি।”

পাঁচ মিনিট পর কোর্টে ফেরেন সিনার। সঙ্গে সঙ্গেই ৫-৫ সমতা ফেরে সেটে। পরের দুটি গেম হেরে তৃতীয় সেটটি আর্জেন্টাইন প্রতিপক্ষের হাতে তুলে দেন তিনি। 

পরে আর ফিটনেস ফিরে পাননি সিনার। বরং তার সমস্যা আরও বেড়ে যায়। ডান ঊরু চেপে ধরতে দেখা যায় তাকে। সুযোগ কাজে লাগিয়ে শিরোপার দাবিদারকে বিদায় করে দেন সেরুন্দোলো।

প্যারিসে অসময়ে তীব্র গরম পড়েছে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে আগেও সমস্যায় পড়েছিলেন সিনার। এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারাত্মকভাবে ক্র্যাম্পে আক্রান্ত হয়েছিলেন তিনি।