Published : 18 Aug 2026, 07:43 PM
মৌসুমের প্রথম ম্যাচে হুলিয়ান আলভারেসকে পাচ্ছে না আতলেতিকো মাদ্রিদ। মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচের স্কোয়াডে তারকা স্ট্রাইকারকে রাখেননি কোচ দিয়েগো সিমেওনে।
আলভারেসকে নিয়ে বার্সেলোনার সঙ্গে লড়াই চলছে আতলেতিকোর। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকারের ভবিষ্যৎ এখনও পরিষ্কার নয়।
২০২৪ সালে সাত কোটি ৫০ লাখ ইউরোয় ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় আসেন আলভারেস। বিশ্বকাপে খেলার সময় তিনি ক্লাব ছাড়তে চাওয়ার কথা বলেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে নেওয়ার জন্য সবচেয়ে আগ্রহী ক্লাব বার্সেলোনা।
আতলেতিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল গিল মারিন বলেছেন, এমনকি ২০ কোটি ইউরো পেলেও আলভারেসকে ছাড়বেন না তারা। ওই কথার উপরে কারও কিছু বলার সুযোগ দেখেন না কোচ সিমেওনে। তিনি পরের ম্যাচে স্বদেশী স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
“সে এই ম্যাচটা খেলবে না। আশা করি, আগামী চার দিনে আমরা যেখানে চাই এর কাছাকাছি জায়গায় পৌঁছাবে সে। তার আরও অনুশীলন দরকার। আমাদের দলের সেরা খেলোয়াড় সে, আর তার মান মাথায় রেখে আমরা তাকে ঘিরে দল গড়ে তোলার চেষ্টা করব।”
আতলেতিকোর হয়ে ১০৬ ম্যাচে ৪৯ গোল করেছেন আলভারেস।
আগামী বুধবার মালাগার মুখোমুখি হবে আতলেতিকো। খেলা শুরু হবে ১টায় (এএম)।