ইংলিশ ফুটবল
Published : 09 May 2026, 04:45 PM
দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে হারিয়েছেন জায়গা। তবে তার ওপর এখনই আস্থা হারাচ্ছেন না কোচ পেপ গুয়ার্দিওলা। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে চেনা চেহারায় ফেরার পথ বাতলে দিয়েছেন তিনি।
এবারের মৌসুমের শুরুর দিকে সিটির শুরুর একাদশে নিয়মিত ছিলেন ফোডেন। কিন্তু সময়ের সঙ্গে যেন নিজের ধার হারিয়ে ফেলেন তিনি। তাতে একাদশে তার গুরুত্বও কমে যায়। দুই মাসের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না ২৫ বছর বয়সী ফুটবলার।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ১০টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করতে পেরেছেন ফোডেন। সবশেষ জালের দেখা পেয়েছেন তিনি গত ডিসেম্বরে।
২০২৪ সালে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হন ফোডেন। সেবার লিগে ১৯ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন আটটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে গোল পান ২৭টি।
আগামী বছরের জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আছে ফোডেনের। গুয়ার্দিওলা জানিয়েছেন, নতুন চুক্তি করার খুব কাছেই আছেন এই ফুটবলার। তবে চুক্তির কারণে কিংবা কোনো কিছুর জন্য নয়, ফোডেনকে আনন্দের জন্য ফুটবল খেলতে বললেন সিটি কোচ।
গুয়ার্দিওলার মতে, ফুটবলের প্রতি পুরনো সেই ভালো লাগা একবার খুঁজে পেলে ফের দ্যুতি ছড়াবেন ফোডেন।
“তাকে স্রেফ সেই স্পিরিট এবং ফুটবলার হওয়ার আনন্দটা আবার ফিরে পেতে হবে। আমার চুক্তি আছে কিংবা আমাকে দায়িত্ব পালন করতে হবে অথবা এই ম্যাচটা আমাকে জিততেই হবে, এসব কারণে নয়। এসব কিছু ভুলে যেতে হবে।”
“ফুটবল খেলার আনন্দটা হতে হবে ঠিক সেই সময়ের মতো, যখন ছোট ছিলে, রাস্তায় বা স্কুলে অথবা ম্যান সিটির একাডেমিতে খেলতে। কেবল সেই অনুভূতিটা ফিরিয়ে আনতে হবে। আর যখনই সেটা ঘটবে, সে আবারও জ্বলে উঠবে এবং স্বরূপে ফিরবে।”
ঘরের মাঠে শনিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে সিটি। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।