১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদের নতুন দুর্ভাবনার নাম কোর্তোয়া

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন বেলজিয়ান গোলরক্ষক।

রেয়াল মাদ্রিদের নতুন দুর্ভাবনার নাম কোর্তোয়া
রেয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 08:49 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

থিবো কোর্তোয়াকে ঘিরে শঙ্কার কালো মেঘ ভর করেছিল তখনই, যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়। সেই শঙ্কাই এবার সত্যি হয়ে ধরা দিল। পায়ের পেশির চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন রেয়াল মাদ্রিদ গোলরক্ষক।

ক্লাবটির ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে তার চোটের খবরটি জানানো হয়েছে। যদিও তার সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলা হয়নি।

তবে গণমাধ্যমের খবর, বেলজিয়ামের এই গোলরক্ষকের মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। ফলে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই তার খেলার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল।

ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর ফিরতি লেগে গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিরতির পর আর কোর্তোয়াকে মাঠে নামানো হয়নি। ম্যাচটি ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে মাদ্রিদের দলটি।

লা লিগায় শিরোপা লড়াইও দারুণ জমে উঠেছে, যেখানে ২৮ রাউন্ড শেষে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রেয়াল। আগামী রোববার নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা, আসরে প্রথম দেখায় এই দলের মাঠেই ৫-২ গোলে ভরাডুবি হয়েছিল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের।

কঠিন লড়াইয়ের আগে মূল গোলরক্ষককে হারানো রেয়াল মাদ্রিদের জন্য অনেক বড় ধাক্কা। তাছাড়া, আগে থেকেই তো দলটির চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকা বেশ লম্বা।

চোটের কারণে বাইরে আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো, এদের মিলিতাও। আর আক্রমণের বড় তারকা কিলিয়ান এমবাপে চোট কাটিয়ে গত ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন, যার ফিটনেস এখনও শতভাগ নয়।  

কোর্তোয়ার অনুপস্থিতিতে রেয়ালের পোস্ট সামলাবেন আন্দ্রি লুনিন।