০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে আন্দ্রিভা

গত ৩০ বছরে ফরাসি ওপেনের ফাইনালে ওঠা চতুর্থ কনিষ্ঠতম নারী এই রুশ টিনএজার।

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে আন্দ্রিভা
ট্রফি উঁচিয়ে ধরা থেকে একটি জয় দূরে মিরা আন্দ্রিভা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:31 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ম্যাচের পুরোটা সময় দুর্দান্ত খেললেন মিরা আন্দ্রিভা। ইউক্রেইনের মার্তা কস্তিউককে সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন এই রুশ টিনএজার।

নারী এককের সেমি-ফাইনালে বৃহস্পতিবার ৬-১, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পা রাখেন ১৯ বছর বয়সী আন্দ্রিভা। শনিবারের ফাইনালে স্বদেশি ডায়ানা শ্নাইদের অথবা পোল্যান্ডের মায়া খয়ালিনস্কার মুখোমুখি হবেন তিনি।

গত ৩০ বছরে ফরাসি ওপেনের ফাইনালে ওঠা চতুর্থ কনিষ্ঠতম নারী আন্দ্রিভা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে নিয়মিত এর নিন্দা করে আসছেন কস্তিউক এবং রাশিয়ার যে সব খেলোয়াড় তা করতে ব্যর্থ হয়েছেন, তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

গত চার বছর ধরে ইউক্রেইনের খেলোয়াড়দের নেওয়া অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে কস্তিউক ম্যাচের আগে আন্দ্রিভার সঙ্গে ছবি তোলেননি এবং ম্যাচের পরও দুজন হাত মেলাননি।