২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘রোনালদোকে অপছন্দ করি না, তার ও মেসির মধ্যে সেরা বেছে নিতে পারি না কেবল’

রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখার কথা যে আগে বলেছিলেন, সেটার ব্যাখ্যাও দিলেন ওয়েইন রুনি।

‘রোনালদোকে অপছন্দ করি না, তার ও মেসির মধ্যে সেরা বেছে নিতে পারি না কেবল’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ওয়েইন রুনি (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে দীর্ঘ সময় খেলেছেন ওয়েইন রুনি। ভাগাভাগি করে নিয়েছেন অনেক সাফল্য! কিন্তু পুরনো একটি ঘটনায় দুজনের মধ্যে সম্পর্কের অবনতিও হয়। নতুন করে সেসব আবার সামনে এসেছে রুনির এক মন্তব্যে। সাবেক ইংলিশ স্ট্রাইকার বলেছেন, তিনি রোনালদোকে অপছন্দ করেন না। তবে শ্রেষ্টত্বের প্রশ্নে, লিওনেল মেসি ও পর্তুগিজ তারকার মধ্যে একজনকে বেছে নিতে পারেন না।

২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। ওই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলটির হয়ে তারা তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও কয়েকটি শিরোপা।

তবে জাতীয় দলে খেলার সময়ে নিজেদের মধ্যে একটি ঘটনা তাদের সম্পর্ককে নাড়িয়ে দেয়। ২০০৬ সালের বিশ্বকাপে দেশের হয়ে মুখোমুখি লড়াইয়ে তাদের মধ্যে বিতণ্ডার ঘটনা বছরের পর বছর ধরে ছিল আলোচনার কেন্দ্রে।

ওই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রিকার্দো কারবাইয়োকে ফাউল করার দায়ে রুনির লাল কার্ড পাওয়ায় রোনালদোর ভূমিকা ছিল বলে অভিযোগ ছিল। ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছিল পর্তুগাল।

তবে ওই তিক্ত ঘটনার পরও, ক্লাবে দুজন গড়েছিলেন বিধ্বংসী এক আক্রমণ জুটি। মাঠে সঙ্গী হয়েছিলেন একে অপরের হাসি-আনন্দে। তারপরও সেই অপ্রীতিকর ঘটনাটি মাঝেমধ্যে সামনে চলে আসে। তবে সাবেক ক্লাব সতীর্থের প্রতি কোনো ক্ষোভ নেই, ‘রিও ফার্ডিনান্ড পডকাস্টে’ বুধবার জানালেন রুনি।

“মানুষ মনে করে, আমি তাকে (রোনালদো) অপছন্দ করি। আমি তাকে সত্যিই অনেক পছন্দ করি। আমার চোখে সে সত্যিকারের জিনিয়াস এবং এখনও সে যা করছে, তা সত্যিই অবিশ্বাস্য।” 

“তার সঙ্গে খেলতে পেরে আমি খুশি। আমাদের সম্পর্ক কতটা গভীর ছিল, আমার মনে হয় মানুষ তা বুঝতে পারে না।”

এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করেছেন মেসি ও রোনালদো। আর্জেন্টাইন তারকা রেকর্ড আটবার ও পর্তুগাল অধিনায়ক পাঁচবার ব্যালন দ’র জিতেছেন। দুজনই স্প্যানিশ ফুটবলে দীর্ঘদিন খেলায় একটা সময় ছিল, প্রতিনিয়তই তাদের মধ্যে তুলনা চলত, কে সেরা।

এমনই এক প্রশ্নের উত্তরে একবার রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখেছিলেন রুনি। তার মতে, ওখান থেকেই আসলে এই সমস্যার উৎপত্তি।

“আমার মনে হয়, রোনালদোর চেয়ে মেসি ভালো- কেবল এই কথা বলার কারণেই হয়তো মানুষ ভাবতে শুরু করে যে আমি রোনালদোকে অপছন্দ করি।”

“আসলে মেসিকে আমি খুব পছন্দ করি, তার খেলা দেখতে খু্ব ভালো লাগে। যেভাবে সে খেলে এবং যেভাবে প্রতিপক্ষকে সামলে এগিয়ে যায় এবং এমন আরও কিছু কারণেই শুধু মেসিকে আমি একটু এগিয়ে রাখি।”

ইউনাইটেডের জার্সিতে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছেন রুনি, ২০০৯ ও ২০১১ এবং দুইবারই পেয়েছেন হারের তেতো স্বাদ। এর মধ্যে প্রথমবার তার সতীর্থ ছিলেন রোনালদো।

রুনি খেলোয়াড়ী জীবনের ইতি টেনেছেন চার বছর আগে। কিন্তু ৩৮ বছর বয়সী মেসি ও ৪০ বছর বয়সী রোনালদো এখনও খেলে যাচ্ছেন শীর্ষ পর্যায়ে। তাদের এভাবে এই বয়সেও খেলে যাওয়া বিস্মিত করে রুনিকে।

কিন্তু তাদের মধ্যে থেকে সেরা হিসেবে একজনকে বেছে নেওয়াটা অসম্ভব তার পক্ষে।

“সবসময় আমাকে এই প্রশ্ন করা হয়। এক্ষেত্রে আমি আসলে বলতে চাই, ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে ওরা দুজন… হ্যাঁ, আমার মতে, দুই সেরা ফুটবলার খেলাটি খেলেছে। আর আমি কেবল মেসির ফুটবল দক্ষতাকে একটু বেশি পছন্দ করি।”

“রোনালদো? ক্রিস্তিয়ানো যা করে চলেছে, সে সত্যিকারের জিনিয়াস। ৪০ বছর পেরিয়ে গেছে। এই বয়সেও সে মাঠে যা করছে, অবিশ্বাস্য। তাকে আমার টুপি খোলা অভিনন্দন। তাকে নিয়ে খারাপ কিছু আমি বলতে পারি না।”