Published : 23 Apr 2026, 03:32 PM
ডাচ গ্রেট রুড খুলিতের শঙ্কাই সত্যি হলো! কদিন আগে এএসের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, এতো কম বয়সে যেভাবে এতো ম্যাচ খেলছেন, তাতে না বিশ্বকাপের আগে চোট পান লামিনে ইয়ামাল। সত্যি সত্যিই চোট পেয়েছেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। তবে চোটের পরিস্থিতি ঠিক কী তা এখনও অজানা।
বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। এই সময়ে এসে চোট থাবা দিয়েছে ইয়ামালের শরীরে। তাতে বৈশ্বিক আসরে স্প্যানিশ সেনসেশনের খেলা নিয়ে উঁকি দিতে শুরু করেছে শঙ্কা।
কাম্প নউয়ে বুধবার লা লিগায় সেল্তা ভিগোকে হারানোর ম্যাচে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন ইয়ামাল। ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ইয়ামাল, এমনটা ধারণা করছে বার্সেলোনা। বৃহস্পতিবার তাকে স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে তার চোটের প্রকৃত অবস্থা।
ম্যাচ শেষে অনুমিতভাবেই হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনে ওঠে ইয়ামালের প্রসঙ্গ। বার্সেলোনা কোচ বলেন, কোনো সমস্যা না হলে মাঠ ছাড়ার কথা নয় এই তরুণের।
“আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে হবে, সমস্যাটা কী। কিছু একটা তো হয়েছে। সে কিছু অনুভব করেছে। গোল করার পর কোনো কারণ ছাড়া সে মাঠ ছাড়ার কথা নয়।”
“তাই কিছু একটা হয়েছে। আশা করি, বাজে কিছু নয়। তবে আমাদের আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
বিশ্বকাপের ৫০ দিনে আগে ইয়ামালের চোট স্পেনের জন্য বড় এক দুর্ভাবনার কারণ। দুই বছর আগে স্পেনকে ইউরো জেতানোর পথে বড় ভূমিকা রেখেছিলেন এই রাইট উইঙ্গার।
ইয়ামালের বার্সেলোনা ও জাতীয় দলের সতীর্থ পেদ্রি আশাবাদী, দ্রুতই সেরে উঠবেন অল্প বয়সেই তারকা খ্যাতি পাওয়া এই ফুটবলার।
“আশা করছি, লামিনে কেবল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবে। তাকে শুভকামনা জানাই। তাকে শান্ত থাকতে হবে, কারণ সে তরুণ এবং অবশ্যই দ্রুত সেরে উঠবে।”
মাঠে দারুণ ছন্দে থাকা ইয়ামাল চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮টি লা লিগা ম্যাচে ১৬ গোল করেছেন। এই প্রতিযোগিতায় এবার ১২টি অ্যাসিস্ট করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার।
এদিনের জয়ে লা লিগা শিরোপা ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
তবে জয়ের আনন্দের মাঝেই বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে ইয়ামালের চোট। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে সেরে উঠবেন কিনা, উঠছে সেই প্রশ্নও।
৪৮ দলের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষরা হলো কেপ ভার্দ, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৫ জুন নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২০১০ আসরের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান।