১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের বিপক্ষে ড্রয়ে শঙ্কায় বাংলাদেশ

খেলার ধারার বিপরীতে গোল হজম করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 08:16 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

ম্যাচ জুড়ে আধিপত্য করল বাংলাদেশ। ফিনিশিংয়ের দুর্বলতা দ্বিতীয়ার্ধে কাটিয়ে উঠে এগিয়েও গেল, কিন্তু পরে খেলার ধারার বিপরীতে গোল হজম করল দল। তাতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা পড়ে গেল শঙ্কায়।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল সাইফুল বারি টিটুর দল।

৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। ১ করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার শিরোপাধারী ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালের টিকেট পাবে কোন দুই দল। ভারতের বিপক্ষে ড্র করলেও সেরা চারে উঠবে মালদ্বীপ। 

শুরু থেকে মালদ্বীপের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে অপু রহমানের দুর্বল সাইড ভলি গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। একটু পর সতীর্থের কাটব্যাকে ছোট বক্সের একটু উপর থেকে মোর্শেদ আলির শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

২৪তম মিনিটে কর্নারের পর জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। ৩৭তম মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে বুক দিয়ে নাজমুল হুদা ফয়সাল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়।

বিরতির আগেও প্রতিপক্ষের বক্সে বেশ চাপ দেয় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ছাড়েনি পিছু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ব্যবধান দ্বিগুণ হতে পারত ৬৮তম মিনিটে। মোর্শেদের ক্রসে থেকে জালে বল জড়িয়েছিলেন অপু, কিন্তু এর আগে ফাউল হওয়ায় বাজে রেফারির বাঁশি।

৭৯তম মিনিটে সমতার স্বস্তি ফিরে মালদ্বীপের তাঁবুতে। সতীর্থের লম্বা ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক মোহাম্মদ ইলান ইমরান।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সতীর্থের ক্রসে রিফাত কাজীর ব্যাক হিল ফ্লিকের পর গোলমুখ থেকে টোকা দিতে পারেননি মোর্শেদ।

দুই মিনিট পর হতাশ বাড়ান অধিনায়ক নাজমুল। গতি দিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান গোলরক্ষককে কাটানোর পর বাইরের জাল কাঁপান তিনি। নিজে শট না নিয়ে অন্য প্রান্তে থাকা সতীর্থকে বল বাড়ালেও নিশ্চিত গোল পেত বাংলাদেশ।

যোগ করা সময়েও বাংলাদেশের দুটি প্রচেষ্টা আটকে মালদ্বীপকে ড্র এনে দেন মালদ্বীপ গোলরক্ষক।