ইংলিশ ফুটবল
Published : 11 Feb 2026, 07:04 PM
দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড টানা একাধিক ম্যাচ জিতলেই আলোচনায় উঠে আসেন দলটির সমর্থক ফ্রাঙ্ক ইলেট। ইউনাইটেডের এই পাঁড় সমর্থন পণ করেছিলেন, দল টানা পাঁচ জয় না পাওয়া পর্যন্ত চুল কাটাবেন না তিনি। এবার সেই সম্ভাবনা খুব ভালোভাবেই জেগেছিল; ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে ‘রেড ডেভিলরা’ ড্র করায় চাওয়া পূরণ হয়নি ফ্রাঙ্কের।
ওই সমর্থককে নিয়ে এত আলোচনায় তিতিবিরক্ত ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে উত্তরসুরিদের ১-১ ড্রয়ের আগে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা।
টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে নামা ইউনাইটেডের সামনে ছিল হারের প্রবল চোখ রাঙানি। যোগ করার সময়ের শেষ দিকে বেনিয়ামিন শেশকোর চোখ ধাঁধানো ফ্লিকে প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরে ইউনাইটেড।
দল জিততে না পারায় ২০২৪ সালের অক্টোবর থেকে ফ্রাঙ্কের এবারও চুল কাটা হচ্ছে না। অপেক্ষার পালা আরও বাড়ল তার।
এই সময়ে ফ্রাঙ্কের মাথায় চুল বেড়ে পাখির বাসার রূপ নিয়েছে। ঝাঁকড়া চুল নিয়ে ওই সমর্থক শিরোনামেও আসছেন নিয়মিত। ইউনাইটেড সমর্থকদের মনেও তিনি জায়গা করে নিয়েছেন আলাদাভাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও নিত্য চর্চায় থাকছেন। এরই মধ্যে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ঠেকেছে ১৪ লাখে!
ইউনাইটেড জিতলে ওই সমর্থকের চুল কেটে দিবেন কিনা- ম্যাচের আগে রুনিকে করা হয় এমন প্রশ্ন। জবাবে ‘নো ট্যাপি’ পডকাস্টে তিনি উত্তর দেন উষ্মাভরা কণ্ঠে।
“আমি ওকে দেশের অন্য প্রান্তে ফেলে রাখব। সে মাথা খারাপ করে দিচ্ছে।”
“আমরা কথা বলছি মাইকেল ক্যারিক ও ইউনাইটেডের টানা পাঁচ ম্যাচ জয়ের চেষ্টা নিয়ে, আর সব আলোচনা হচ্ছে ওই লোকটার চুল কাটা নিয়ে। বাজি ধরে বলতে পারি, যদি ম্যাচটা ইউনাইটেড জিতে, তাহলে সে হতাশই হবে। কেননা, সে তখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে।”