Published : 15 Dec 2025, 07:52 PM
ক্লাবের সাবেক খেলোয়াড়দের তীব্র সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টাই করলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হুবেন অ্যামুরি। স্বীকার করে নিলেন, প্রত্যাশা অনুযায়ী ফল না আসার দায় তারই। তবে তার ধারণা, পুরো বাস্তবতা না জেনেই এই দল ও কোচিং স্টাফকে বিচার করা হচ্ছে।
প্রিমিয়ার লিগে সবশেষ ছয় ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে ইউনাইটেড। আছে টেবিলের অষ্টম স্থানে।
দলটির সবচেয়ে বড় সমস্যা পারফরম্যান্সে অধারাবাহিকতা। গত দুই মাসেই যেমন কয়েকবার ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও প্রতিবার কক্ষচ্যুত হয়েছে তারা। আর এতে অনেকেই দায় দেখছেন কোচের।
গত সপ্তাহে ক্লাবটির সাবেক মিডফিল্ডার পল স্কোলস মন্তব্য করেন, ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়ার জন্য অ্যামুরি সঠিক ব্যক্তি নন, কারণ তিনি ক্লাবের সংস্কৃতিই বোঝেন না।
বোর্নমাউথের বিপক্ষে সোমবার লিগ ম্যাচে মাঠে নামবে ইউনাইটেড। আগের দিনের সংবাদ সম্মেলনে স্কোলসের ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অ্যামুরি বলেন, সমস্যা একটাই, জয় না পাওয়া।
“আমি যদি জয়ের ধারায় থাকতাম, তাহলে বীরের মতো মাঠে যেতাম, দুজন ডিফেন্ডার নিয়ে খেললেও সবকিছু ঠিক থাকত। সমস্যা হলো, একজন কোচ হিসেবে আমি যথেষ্ট ভালো করতে পারছি না, এটা বাস্তবতা। এটাই একমাত্র সমস্যা। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারছি না। আমাদের আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল, বিশেষ করে এই মৌসুমে। তাই (সব সমালোচনা) আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি।”
তবে ক্লাবের অভ্যন্তরীণ অনেক বিষয় বাইরের কেউ জানে না, সেটাও মনে করিয়ে দিলেন অ্যামুরি।
“কখনও কখনও, তাদের (সাবেক খেলোয়াড়দের) কাছে সব তথ্য থাকে না এবং তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে সেভাবেই দেখেন যেভাবে তারা এখানে খেলার সময় খেলেছেন। (তখন এই ক্লাবের একটাই লক্ষ্য ছিল) সবসময় জিততে হবে। তাই এই পরিস্থিতিতে ক্লাবকে দেখা তাদের জন্য কষ্টের।”
ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ইউনাইটেড-বোর্নমাউথের লড়াই।