১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রোমানিয়া-পরীক্ষার আগে ‘শান্ত’ বেলজিয়াম

বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের বিশ্বাস, এবার গোল করতে পারবেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 09:59 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

স্লোভাকিয়ার বিপক্ষে অভাবনীয় হারের পর আরেকটি বড় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঝুঁকিতে পড়ে গেছে বেলজিয়াম। এবার রোমানিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের। এর আগে নিজেদের নির্ভার রাখার চেষ্টা করছে তারা। দলটির অভিজ্ঞ ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের বিশ্বাস, এবার ফল পক্ষে যাবে তাদের।

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বেলজিয়াম। শনিবার কোলনে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে রোমানিয়ার বিপক্ষে, যারা প্রথম ম্যাচে ইউক্রেইনকে উড়িয়ে দেয় ৩-০ গোলে।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বেলজিয়াম বেশ কিছু সুযোগ হারায় স্লোভাকিয়ার বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে খেলোয়াড়দের করণীয় সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন দেখছেন না কোচ দোমেনিকো তেদেসকো, ‘আরও ভালো করতে কী প্রয়োজন, সে সম্পর্কে দলকে খুব বেশি কিছু বলতে পারি না আমি।’

জাতীয় দলের হয়ে ১৫৪ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী ভার্টোনেনের বিশ্বাস, এবার গোল করতে পারবেন তারা, ‘আমাদের মান না থাকলে আমি উদ্বিগ্ন হতাম, তাই আমি নিশ্চিত যে, শনিবার আমরা গোল করব।’

সেজন্য গোলমুখে আরও ধারাল হতে হবে দলের রেকর্ড স্কোরার রোমেলু লুকাকুকে। মিডফিল্ডে আরও কার্যকর হতে হবে অধিনায়ক কেভিন ডে ব্রুইনেকে। 

ইউক্রেইনের বিপক্ষে জয়টি ইউরোতে স্লোভাকিয়ার স্রেফ দ্বিতীয় জয়, ২৪ বছরের মধ্যে প্রথম। সেই ২০০০ সালের আসরে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। 

২০ গজ দূর থেকে শটে গোল করে ইউক্রেইনের বিপক্ষে সুর বেঁধে দেন অধিনায়ক নিকোলাই স্তানচু। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। বেলজিয়ামের বিপক্ষেও তেমন কিছুর পুনরাবৃত্তি করতে চাইবেন তিনি।

বাছাইয়ে অপরাজিত থেকে, সুইজারল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে ইউরোর মূল পর্বের টিকেট পায় রোমানিয়া। সবশেষ ১৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে তারা। পরিসংখ্যানই বলছে, বেলজিয়ামের জন্য কাজটা সহজ হবে না মোটেও। 

দুই দলের সবশেষ দেখায় ২০১২ সালে প্রীতি ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছিল রোমানিয়া।