১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার ‘অর্থ নেই’, তাই নির্ভার বায়ার্ন প্রধান

হ‍্যারি কেইনের প্রতি স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের আগ্রহ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন উলি হোয়েনেস।

বার্সেলোনার ‘অর্থ নেই’, তাই নির্ভার বায়ার্ন প্রধান
হ্যারি কেইনকে নিয়ে নির্ভার আছে বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

রবের্ত লেভানদোভস্কি বিদায় নেওয়ায় নতুন মৌসুমে একজন পরিপূর্ণ স্ট্রাইকার প্রয়োজন হবে বার্সেলোনায়। সম্ভাব‍্যদের তালিকায় কয়েকজনের সঙ্গে আছে হ‍্যারি কেইনের নামও। তবে এ নিয়ে একদমই ভাবছেন না বায়ার্ন মিউনিখ প্রধান উলি হোয়েনেস। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের খোঁচা মেরে তিনি বলেছেন, বার্সেলোনার হাতে যথেষ্ট অর্থ নেই।  

বার্সেলোনার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। খেলোয়াড় কিনতে হলে আগে বিক্রি করতে হবে তাদের। তাই কয়েক বছর ধরে দলবদলে খুব একটা অর্থ খরচ করতে পারছে না কাতালান ক্লাবটি। সেই দিকটিই সামনে এনেছেন হোয়েনেস। 

চলতি মৌসুমে গোলের বন‍্যা বইয়ে দিয়েছেন কেইন। ইংলিশ স্ট্রাইকারের হ‍্যাটট্রিকে শনিবার রাতে ছয় বছর পর জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। 

আরও এক বছর কেইনের সঙ্গে চুক্তি আছে জার্মান চ‍্যাম্পিয়নদের। চলতি মৌসুমে দলটি কয়েকবারই বলেছে, আরও দীর্ঘ সময়ের জন‍্য ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে আলিয়াঞ্জ অ‍্যারেনায় ধরে রাখতে চান তারা। জার্মান ব্রডকাস্টার ডাস ইয়েস্টাকে হোয়েনেস বললেন, বার্সেলোনার আগ্রহ নিয়ে মোটেও ভাবছেন না তারা। 

“আমাদের করা সেরা দলবদল হলো হ‍্যারি কেইন। বায়ার্ন খেলোয়াড় কেনা ক্লাব, বিক্রি করে না, আর বার্সেলোনার তো অর্থই নেই।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ ম‍্যাচ ৬১ গোল করেছেন কেইন। বাভারিয়ার ক্লাবটির হয়ে খেলা উপভোগ করছেন তিনি। এখন মনোযোগ দিতে চান বিশ্বকাপে। চুক্তি নবায়ন নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কিছু দেখেন না তিনি। 

জার্মান কাপের ফাইনালে দর্শকসারিতে ছিলেন পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো। স্প‍্যানিশ গণমাধ‍্যমে জোর গুঞ্জন চলছে, রেয়াল মাদ্রিদে ফিরতে পারেন তিনি। 

জার্মান গণমাধ‍্যমে খবর এসেছে, ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের খেলা দেখতে ফাইনালে উপস্থিত ছিলেন মরিনিয়ো। তাকেও খোঁচা মারলেন হোয়েনেস।

“মরিনিয়ো পাঁচটা চোখ রাখতে পারে ওলিসের ওপর- সে তাকে পাবে না।”

এর আগে বায়ার্ন কিংবদন্তি ও বোর্ডের সদস‍্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছিলেন, কোনো অর্থের বিনিময়েই ওলিসেকে ছাড়বেন না তারা। ফাইনালে কেইনের প্রথম গোলের উৎস ছিলেন ফরাসি এই উইঙ্গার।