Published : 02 Jun 2026, 09:18 PM
তরুণ ও অভিজ্ঞদের মিশলে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল সাজিয়েছেন তুরস্ক কোচ ভিনচেনজো মন্তেল্লা। ডাক পেয়েছেন বর্তমান সময়ে ইউরোপিয়ান ফুটবলের তরুণ দুই প্রতিভা আর্দা গিলের ও কেনান ইলদিজ।
২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ক দলে আছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার হাকান চালহানোলুও।
সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পথে চারটি অ্যাসিস্ট ও দুটি গোল করেন গিলের। ২১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার জেতেন ‘চ্যাম্পিয়ন্স লিগ রেভেলেশন অব দা সিজন’ পুরস্কার, তরুণ খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার জন্য চালু করা হয়েছে নতুন এই পুরস্কার।
মৌসুমে ইউভেন্তুসের হয়ে সেরি আয় ১০টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেন ২১ বছর বয়সী আরেক অ্যাটাকিং মিডফিল্ডার ইলদিজ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু বিশ্বকাপে তুরস্ক আছে ‘ডি’ গ্রুপে। ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২০ জুন প্যারাগুয়ে ও ২৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।