০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবালেঙ্কার অবিশ্বাস্য ছন্দপতন

শেষ ১৩ গেমের ১২টিই জিতে রুশ খেলোয়াড় ডায়ানা শ্নাইদেরের স্মরণীয় জয়।

সাবালেঙ্কার অবিশ্বাস্য ছন্দপতন
জয়ের পথ থেকে আচমকা ছিটকে পড়ে সাবালেঙ্কার বিদায়। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 10:10 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ফরাসি ওপেন থেকে একে একে ঝরে পড়ছে তারকা। অঘটনের ধারাবাহিকতায় এবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেন নারী এককের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা। শেষ দিকের অবিশ্বাস্য নাটকীয়তায় স্মরণীয় এক জয়ে সেমি-ফাইনালে উঠলেন ডায়ানা শ্নাইদের।

গতবারের রানার্সআপ সাবালেঙ্কা এবার দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন। প্রথম চার রাউন্ডে একটিও সেট হারেননি তিনি। এবারও প্রথম সেট জয়ের পর, দ্বিতীয় সেটে এগিয়ে যান ৪-১ গেমে। এরপরই আচমকা সবকিছু বদলে যায়।

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লেখেন প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে খেলতে নামা শ্নাইদের। পরের ১৩ গেমের ১২টিই জিতে, ৩-৬, ৭-৫, ৬-০ গেমে জিতে শেষ চারে পা রাখেন ২৫তম বাছাই এই রাশিয়ান। 

অবিশ্বাস্য এক জয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠে উৎফুল্ল ডায়ানা শ্নাইদের। ছবি: রয়টার্স

অবিশ্বাস্য এক জয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠে উৎফুল্ল ডায়ানা শ্নাইদের

এলেনা রিবাকিনা, ইগা শিয়াওতেক ও কোকো গাউফদের আগেভাগে বিদায়ের পর, নারী এককে গ্র্যান্ড স্ল্যামজয়ীদের মধ্যে একমাত্র সাবালেঙ্কা টিকে ছিলেন। ফলে এবার তার প্রথম ফরাসি ওপেন জয়ের দারুণ সম্ভাবনা দেখছিলেন অনেকে। কিন্তু, চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাও বিদায় নিলেন।  

এবারের ফরাসি ওপেনে অঘটন কতটা নিয়মিত হয়ে উঠেছে, এর আরও বড় প্রমাণ মেলে এই তথ্যে; বেলারুশের সাবালেঙ্কার বিদায়ের পর, আসরে টিকে থাকা নারী খেলোয়াড়দের মধ্যে অষ্টম বাছাই আরেক রাশিয়ান মিরা আন্দ্রিভা সর্বোচ্চ র‌্যাঙ্কধারী খেলোয়াড়।