Published : 27 Aug 2025, 07:34 PM
পেশাদার ফুটবলে দেড় যুগের বেশি দীর্ঘ ক্যারিয়ারে এই পর্যায়ে এসে যেন শেষের ডাক শুনতে পাচ্ছেন সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ ধাপে দাঁড়িয়ে স্প্যানিশ মিডফিল্ডার আভাস দিলেন, এই দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব না হলে ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি।
লিগস কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটির আগের দিন এএস ইউএসএ ল্যাটিনোকে ভবিষ্যৎ ভাবনায় ওই দুই সম্ভাবনার কথা বলেন বুসকেতস।
“বার্সেলোনা ছাড়ার সময়ই নিজের কাছে আমি পরিষ্কার ছিলাম যে, (খেলোয়াড় হিসেবে) কখনও স্পেনে বা ইউরোপে ফিরব না। আর এখন ক্যারিয়ার আরও দীর্ঘ করার চেয়ে বরং শেষের কাছে পৌঁছে গেছি আমি। এই পর্যায়ে হয় (ইন্টার মায়ামির সঙ্গে) চুক্তি নবায়ন হবে, নয়তো অবসর নেব আমি। যখন কিছু ঘোষণা করার মতো হবে, আমি জানাব।”
বার্সেলোনার যুব দল হয়ে ২০০৭-০৮ মৌসুমে ক্লাবটির ‘বি’ দলের হয়ে খেলেন বুসকেতস। পরের মৌসুমে তার অভিষেক হয় কাতালান ক্লাবটির মূল দলে। এরপর কেবলই সামনে এগিয়েছেন তিনি। ক্লাব ও স্পেন জাতীয় দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ; দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা।
স্পেনের দ্বিতীয় সফলতম ক্লাবটির মূল দলে সাফল্যে ভরা দেড় দশকের যাত্রা শেষে ২০২৩ সালে বুসকেতস পাড়ি জমান মায়ামিতে, আড়াই বছরের চুক্তিতে। সেই চুক্তির মেয়াদ এই বছরই শেষ হতে যাচ্ছে।
বয়স হয়ে গেছে ৩৭, ক্যারিয়ারে প্রায় সবকিছুই জয়ের স্বাদ পেয়েছেন বুসকেতস। তবে এখনও যেন ক্ষুধা পুরোপুরি মেটেনি তার। জানালেন, শারীরিকভাবে খুব ভালো অনুভব করছেন।
“ভালো অনুভব করছি। সৌভাগ্যবশত, আমার কোনো চোট সমস্যা নেই এবং কোচদের এখনও আমার ওপর আস্থা আছে…যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, আমি জানাব। এখনও আমার অনেক কিছু পর্যালোচনার বাকি আছে।