Published : 14 Aug 2026, 03:40 PM
মাঠে ছত্রাকের প্রাদুর্ভাবের কারণে ওসাসুনার বিপক্ষে লা লিগার উদ্বোধনী ম্যাচটি স্থগিত করেছে সেল্তা ভিগো। লা লিগা জানিয়েছে, রোববারের ম্যাচটি স্থগিত করতে উভয় ক্লাব এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন সম্মত হয়েছে। তবে সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে টানাপোড়েন।
ওসাসুনা পরে একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে, তারা ম্যাচের জন্য নির্ধারিত নতুন তারিখ (২৭শে অগাস্ট) নিয়ে একমত নয়, কারণ এটি তাদের স্বার্থের পরিপন্থী এবং “উভয় ক্লাবের মধ্যে পূর্বের একটি সমঝোতা চুক্তির’ বরখেলাপ।
ওসাসুনা জানিয়েছে, উভয় ক্লাবই আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতির সময় খেলতে সম্মত হয়েছিল, যা কোনো দলের সময়সূচীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না এবং মৌসুমের শুরুতে ফুটবলারদের চনমনে হয়ে ওঠার সুযোগ দেবে।
বিবৃতিতে ক্লাবটি বলছে, তাদের ওপর ম্যাচের নতুন তারিখ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।
“ছত্রাকের কারণে পিচের খারাপ অবস্থার জন্য স্বাগতিক ক্লাবের প্রচেষ্টা সত্ত্বেও নির্ধারিত তারিখে খেলা অসম্ভব ছিল – এই পরিস্থিতি ওসাসুনা বুঝতে পারছে। তবে, লা লিগা বা আরএফইএফ (রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন) কেউই ক্লাবগুলোর অনুরোধ গ্রহণ করেনি এবং একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচটি ২৭ অগাস্ট অনুষ্ঠিত হবে।
“সংক্ষেপে, যে দলটি তাদের নিয়ন্ত্রণের বাইরের একটি কারণে প্রাথমিক স্থগিতাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, নতুন সময়সূচীর কারণেও তারাই আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
ওসাসুনা বলেছে, লা লিগা এবং স্প্যানিশ ফেডারেশন উভয়ই দুই ক্লাবের সমঝোতা নিয়ে অবগত ছিল।
লিগ কর্মকর্তারা বুধবার মাঠ পরিদর্শন করেছেন।
সেল্তা বলেছে, গত সপ্তাহেই মাঠটি পরিদর্শন করেছে লা লিগা কর্তারা এবং মাঠকে আক্রান্তকারী রোগ নির্মূল করার জন্য যে কাজ চলছিল, তা যাচাই করে দেখেছে। তবে, সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি সেই কাজের অগ্রগতিতে প্রতিকূল প্রভাব ফেলেছে এবং এজন্য ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্লাবটি।
ম্যাচের মাত্র তিন দিন আগে খেলাটি স্থগিত করার জন্যও লিগ এবং ফেডারেশনের সমালোচনা করেছে ওসাসুনা। তাদের মতে, এই সিদ্ধান্তটি “দূরদর্শিতা এবং গুরুত্বের অভাবের কারণে শেষ মুহূর্তের সূচিতে পরিবর্তনের একটি সাধারণ ধারারই অংশ হয়ে উঠেছে।”
তাদের মতে, নতুন তারিখ নির্ধারণের একতরফা সিদ্ধান্তটি “একদমই অগ্রহণযোগ্য ও অসম্মানজনক।” কড়া প্রতিক্রিয়ায় তারা বলেছে, “এটা ফুটবল নয়--এটা লা লিগা।”