১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদে ফেরার প্রশ্নে এন্দ্রিক বললেন, ‘তিনি প্রস্তুত’

ক্যারিয়ারের ভবিষ্যতের ভাবনায় সব দরজাই অবশ্য খোলা রেখেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড।

রেয়াল মাদ্রিদে ফেরার প্রশ্নে এন্দ্রিক বললেন, ‘তিনি প্রস্তুত’
ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

এখন ধারে অলিম্পিক লিওঁতে খেলছেন এন্দ্রিক। এরপর ঠিকানা কোথায় হবে? অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অবশ্য চিন্তিত নন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেয়াল মাদ্রিদ ডাকলে খুশিমনে ফিরে যাবেন সেখানে, আবার অন্য কোনো জার্সিতে খেলতেও মানসিকভাবে প্রস্তুত তিনি।

রেয়াল মাদ্রিদের তারকায় ঠাসা আক্রমণভাগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না এন্দ্রিক। তাই, গত জানুয়ারিতে ধারে লিওঁতে যোগ দেন তিনি। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য তাকে দলে টানে ফরাসি ক্লাবটি। 

গণমাধ্যমের খবর, চুক্তি শেষে স্প্যানিশ ক্লাবে ফিরে যাবেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

শুধু রেয়ালেই যে খেলতে হবে এমন নয়। ‘কানাল প্লাস ফ্রান্স’-কে এন্দ্রিক বললেন, অন্য ক্লাবে যেতে হলেও আপত্তি নেই তার।

“যদি রেয়াল মাদ্রিদে ফিরতে হয়, আনন্দের সঙ্গে যাব। যদি অন্য কোথাও যেতে হয়, সেটাও মেনে নেব। অলিম্পিক লিওঁতে থেকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সত্যি বলতে, আমি জানি না। এখানে ছয় মাসের জন্য ধারে খেলতে এসেছি।”

রেয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে সাতটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এন্দ্রিক। 

লিওঁতে অল্প সময়েই অবশ্য দারুণ খেলেছেন তিনি; এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।