১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউনাইটডের ডাগআউটে থাকবেন রুনি, যদি…

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফে থাকতে রাজি ওয়েইন রুনি, তবে একটি শর্ত তিনি দিয়ে রাখলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 01:03 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

যে ক্লাবের জার্সিতে ১৩ বছর মাঠ মাতিয়েছেন ওয়েইন রুনি, সেই ক্লাবের ডাগআউটে ফিরতে প্রস্তুত তিনি। তবে সেটি একটি বিশেষ শর্তে। বন্ধু মাইকেল ক্যারিক যদি ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন, তাহলে তার কোচিং স্টাফে থাকতে আগ্রহী রুনি।

হুবেন অ্যামুরির বিদায়ের পর ইউনাইটেডের পরবর্তী কোচ নিয়ে জল্পনা ও আলোচনা চলছে অনেক। সেখানে জোরেসোরে শোনা যাচ্ছে ক্যারিকের নামও। আলোচনায় উঠে আসছে রুনি সম্ভাবনাও।

বিবিসির ‘দা ওয়েইন রুনি শো’-তে সরাসরিই রুনিকে জিজ্ঞেস করা হলো, ক্যারিকে কোচিং স্টাফে থাকতে চান কি না। ৪০ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড উত্তরটা জানিয়ে দিলেন ঝটপট।

“অবশ্যই, আমি থাকতে চাইব (ক্যারিক দায়িত্ব পেলে), পানির মতো সরল। তবে এটাও বলে রাখছি, চাকরি পেতে মরিয়া নই আমি!”

“ব্যাপারটি সবার জানা থাকারই কথা। আমাকে যদি প্রস্তাব দেওয়া হয়, অবশ্যই যোগ দেব। তবে কোচ প্রধান নিয়োগ দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সেরাদের একজন রুনি। ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ২৫৩টি। ২০২১ সালে খেলোয়াড়ি জীবনে ইতি টানার পর ডার্বি কাউন্টি, ডিসি ইউনাইটেড, বার্মিংহাম সিটি ও প্লাইমাউথের কোচের দায়িত্ব পালন করেছেন। আপাতত তিনি কোচ হিসেবে কাজ করছেন না কোথাও।

ইউনাইটেডেই রুনি সঙ্গে দীর্ঘ এক যুগ খেলেছেন ক্যারিক। ২০১৮ সালে এই ক্লাব থেকেই তিনি বিদায় জানান খেলোয়াড়ি জীবনকে।

খেলা ছাড়ার পর ইউনাটেডেই রয়ে যান তিনি জোসে মরিনিয়োর কোচিং স্টাফে। পরে পর্তুগিজ এই কোচকে বরখাস্ত করার পর ওলে গানার সুলশারের কোচিং স্টাফেও ছিলেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরে মিডলসব্রার কোচ ছিলেন তিনি আড়াই বছর।

৪৪ বছর বয়সী এই কোচকে ইউনাইটেডের জন্য উপযুক্ত পছন্দ মনে করছেন রুনি।

“আমার মনে হয়, সে এখানে বেশ মানিয়ে যাবে। মাইকেল এই ক্লাবকে ভালোবাসে এবং যদি পারে, সে অবশ্যই কাজটা করবে। এই ক্লাব তার জীবন, এই ক্লাব তার নিঃশ্বাসে মিশে আছে। ক্লাবটির এখন এরকম কিছুই প্রয়োজন।”

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এক সাত নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার তাদের কঠিন পরীক্ষা ম্যানচেস্টার ডার্বিতে।