পিএসজির কাছে এবার ২৬ কোটি ইউরো দাবি এমবাপের
ইউরোপ চ্যাম্পিয়নদের পাল্টা ৪৪ কোটি ইউরো দাবি ফ্রান্স জাতীয় দলের অধিনায়কের কাছে।
দুই পক্ষই বিশাল অঙ্কের অর্থ দাবি করায় পিএসজি এবং কিলিয়ান এমবাপের মধ্যে আইনি বিরোধ আরও বেড়েছে।
ফরাসি তারকা এবং তার সাবেক ক্লাবের মধ্যে বকেয়া বেতনের অভিযোগ এবং আর্থিক বিরোধের বিষয়টি একটি শিল্প আদালতে শুনানি করা হয়েছে।
শুনানিতে উপস্থিত ছিলেন না এমবাপে। আগে তিনি দাবি করেছিলেন, পিএসজির কাছে তার বকেয়া ৫ কোটি ৫০ লাখ ইউরো। এখন তিনি দাবি করেছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কাছে তার পাওনা ২৬ কোটি ইউরোর বেশি।
এমবাপের উপদেষ্টারা এক বিবৃতিতে দাবি করেছেন, কিলিয়ান এমবাপে আইন সঙ্গত নয় এমন কিছু দাবি করছেন না। তিনি কেবল কর্মী হিসেবে নিজের আইনী অধিকারগুলোর দাবি তুলেছেন।
অন্য দিকে রেয়াল মাদ্রিদ তারকা এমবাপের কাছে পিএসজির দাবি সর্বমোট ৪৪ কোটি ইউরো। এই তারকা ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ায় ১৮ কোটি ইউরো ‘আয়ের সুযোগ হারানো।’ ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালের ৩০ কোটি ইউরোর প্রস্তাব নাকচ করেছিলেন ফরাসি অধিনায়ক।
এক বিবৃতিতে পিএসজি দাবি করেছে. সমঝোতা ও চুক্তি বাস্তবায়নে বিশ্বাস ভেঙেছেন এমবাপে। একই সঙ্গে তিনি সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করেছেন।
আগামী মাসে আদালত এ ব্যাপারে রায় দিতে পারে।
