Published : 01 Sep 2026, 04:13 PM
স্পেন জাতীয় দলের সাবেক কোচ রবের্ত মরেনোকে আগামী নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির ফুটবল ফেডারেশন (কেএফএ) মঙ্গলবার তার সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে। এই সময়ে তার কোচিংয়ে মোট ছয়টি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া।
গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন ওই সময়ের প্রধান কোচ হং মিউং-বো এবং দ্রুতই সরে দাঁড়ান তিনি। আপাতত তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন মরেনো।
আগামী কয়েক মাসে দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগে খোঁজ চালিয়ে যাবে কেএফএ।
সামনের ছয় ম্যাচের পারফরম্যান্স আশানুরূপ হলে, আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপেও দায়িত্বে থেকে যেতে পারেন মরেনো।
সেপ্টেম্বরে একুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। এরপর অক্টোবরে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উজবেকিস্তান।
স্পেন জাতীয় দলের কোচ থাকার সময় ২০১৯ সালে কয়েক মাস ছুটিতে ছিলেন লুইস এনরিকে, ওই সময় স্প্যানিশদের ডাগআউটে দাঁড়ান মরেনো। পরবর্তীতে তিনি ফ্রান্সের ক্লাব মোনাকো, স্পেনের গ্রানাদা ও রাশিয়ার ক্লাব এফসি সোচিকে কোচিং করান।