চ্যাম্পিয়ন্স লিগ
Published : 17 Sep 2024, 11:26 PM
চোট কাটিয়ে ফের্মিন লোপেস অনুশীলনে ফিরেছিলেন সবে। কিন্তু নতুন করে চোট পেয়ে আবার মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ সামনে রেখে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন ফের্মিন। সেখানেই ডান ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, এ যাত্রায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২১ বছর বয়সী এই ফুটবলারকে।
গত জুলাইয়ে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পান ফের্মিন। পরের মাসে প্যারিস অলিম্পিকসের ফুটবলে তিনি সোনা জেতেন স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে।
এই মাসের শুরুতে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের অনুশীলনে পেশিতে চোট পান তিনি। সেই চোট কাটিয়ে উঠলেও, নতুন চোটে মাঠে ফেরার অপেক্ষা বাড়ল তার।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ফের্মিন। সব মিলিয়ে কাতালান দলটির হয়ে ৪৫ ম্যাচে ১১ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে ফের্মিনের চোট বড় ধাক্কা হয়েই এলো বার্সেলোনার জন্য। গত রোববার লা লিগার ম্যাচে চোট পেয়ে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো।
দুই মিডফিল্ডার গাভি ও ফ্রেংকি ডি ইয়ং চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরলেও, এখনও বাইরে আছেন দুই ডিফেন্ডার রোনাল্দ আরাউহো ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এসিএল চোটে মৌসুম শেষ হয়ে গেছে মিডফিল্ডার মার্ক বের্নালের।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মোনাকোর মাঠে খেলবে বার্সেলোনা। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল।