২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফোডেনের মাঝে ম্যানচেস্টার সিটির সেরাদের একজন হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন গুয়ার্দিওলা

তবে এখনই অতদূর না ভেবে ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডারের ক্যারিয়ারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে বললেন ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 05:16 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া ফিল ফোডেন চলতি মৌসুমে যেন সত্যিকারের তারকা হয়ে উঠতে শুরু করেছেন। এরই মধ্যে পেয়েছেন তারই এক স্বীকৃতি। নিয়মিত আলো ছড়ানো এই মিডফিল্ডারের মাঝে আরও অনেক দূর এগোনোর গুণাগুণ দেখছেন ম্যানচেস্টার সিটি কোচ। এমনকি ক্লাবের ইতিহাসের সেরাদের একজন হয়ে ওঠার সম্ভাবনাও।

ইংলিশ ফুটবলের ২০২৩-২৪ মৌসুম শেষ হতে এখনও কিছুটা বাকি। তবে এর মধ্যেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ফোডেন। প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ পথ ছুটছে ম্যানচেস্টার সিটি। আর দলের এই পথচলায় সামনে থেকে অবদান রেখে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন ফোডেন, সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ২৪। একই সঙ্গে সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেনও ইংলিশ মিডফিল্ডার।

বয়স তার মাত্র ২৩ বছর। এরই মধ্যে স্বাদ পেয়েছেন ১৪টি মেজর ট্রফির। প্রিয় শিষ্যের পারফরম্যান্সে মুগ্ধ কোচ গুয়ার্দিওলা বললেন, ফোডেনের মাঝে কলিন বেল, মাইক সামারবি, দাভিদ সিলভা ও সের্হিও আগুয়েরোদের মতো ক্লাবের ইতিহাসের সেরাদের একজন হয়ে ওঠার উজ্জ্বল সম্ভবনা আছে। 

“ক্লাবটির ইতিহাস অনেক, অনেক দিনের। সুতরাং মেইন রোডে (ম্যানচেস্টার সিটির আগের হোম ভেন্যু) আগে যারা খেলেছে, তাদের সম্পর্কে আপনারা ভুলে যেতে পারেন না, যেমনটা সবাই জানে।”

“আমার মতে, অনেক, অনেক শীর্ষ মানের খেলোয়াড়দের নিয়ে এই ক্লাব গড়ে উঠেছে। আমার বিশ্বাস, সে যদি ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানে খেলে এবং এখনকার মান ধরে রাখতে পারে, তাহলে নিশ্চিতভাবেই সে সেরাদের একজন হয়ে উঠতে পারবে।”

পরক্ষণেই যেন গুয়ার্দিওলা প্রত্যাশার পালে লাগাম দিতে চাইলেন।

“তার অবসর নেওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি না কেন, এরপর দেখা যাবে, সে এখনও তরুণ।”

শারীরিক অসুস্থতার কারণে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দলের ২-০ গোলে জেতা সবশেষ ম্যাচে খেলতে পারেননি ফোডেন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। শনিবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। 

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চূড়ায় আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি। তবে আর্সেনালের চেয়ে একটি ম্যাচ কম খেলায় শিরোপাভাগ্য গুয়ার্দিওলার দলের হাতেই আছে।