Published : 30 Dec 2025, 06:41 PM
আগেভাগে আফ্রিকান নেশন্স কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায়, গ্রুপ পর্বের শেষ ম্যাচের দল থেকে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে ছেড়ে দিয়েছে গ্যাবন। এতে এখানেই তার সুদীর্ঘ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে।
মহাদেশ সেরার প্রতিযোগিতায় এবার ‘এফ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় গ্যাবনের। শেষ ম্যাচে বুধবার তারা খেলবে কোত দি ভোয়ার বিপক্ষে।
অবামেয়াংয়ের বয়স হয়ে গেছে ৩৬ বছর। অনেকেই ধারণা করছিলেন, কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচটি দিয়েই হয়তো পর্দা নামবে দেশটির তারকা স্ট্রাইকারের প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের।
কিন্তু নতুন কোনো চোটে পড়ার শঙ্কা এড়াতে জাতীয় দল ছেড়ে ক্লাব মার্সেইয়ে ফিরে গেছেন অবামেয়াং।
ঊরুর চোটের কারণে মরক্কোর এই আসরে খেলা নিয়েই শঙ্কা ছিল আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক এই স্ট্রাইকারের। তবে দ্রুত সেরে উঠে ক্যামেরুনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। পরে গত রোববার মোজাম্বিকের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে খেলেন পুরোটা সময়, একটি গোলও করেন তিনি।
তবে মোজাম্বিক ম্যাচের পর কিছুটা অস্বস্তি বোধ করেন অবামেয়াং এবং মেডিকেল পরীক্ষায়ও সেটা ধরা পড়ে। গ্যাবনেরও গ্রুপ পর্ব উতরানোর সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাই ক্লাবের সঙ্গে আলোচনার পর, তাকে শেষ ম্যাচে না খেলানোর সিদ্ধান্তের কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে গ্যাবন জাতীয় দল কর্তৃপক্ষ।
ফুটবল জীবনের শুরুতে জন্মভূমি ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক দলে খেলেন অবামেয়াং। তবে জাতীয় দল হিসেবে তিনি বেছে নেন বাবার দেশকে। গ্যাবনের হয়ে খেলেছেন তার বাবাও, জাতীয় দলকে তিনি নেতৃত্বও দিয়েছেন।
২০০৯ সালে গ্যাবন জাতীয় দলে অভিষেক হয় অবামেয়াংয়ের। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে একটি গোলও করেছিলেন তিনি। সেই থেকে দীর্ঘদিন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন হয়েই আছেন আন্তর্জাতিক ফুটবলে ৮২ ম্যাচ খেলে ৩৯টি গোল করা এই তারকা।
ক্যারিয়ারে এবার দিয়ে ছয়বার আফ্রিকান নেশন্স কাপে খেললেন অবামেয়াং; সেরা সাফল্য ২০১২ আসরে কোয়ার্টার-ফাইনাল খেলা।
২০১৫ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন অবামেয়াং।