১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরাসি ওপেনের দীর্ঘতম ফাইনালে জিতলেন আলকারাস

দুই সেট হারের পর তৃতীয় ও চতুর্থ সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানো কার্লোস আলকারাসই শেষ পর্যন্ত হেসেছেন চ্যাম্পিয়নের হাসি।

ফরাসি ওপেনের দীর্ঘতম ফাইনালে জিতলেন আলকারাস
প্রায় সাড়ে পাচ ঘণ্টার স্নায়ুক্ষয়ী লড়াই জিতে শিরোপা ধরে রাখলেন কার্লোস আলকারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 01:33 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

এই প্রথম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন ইয়ানিক সিনার। শুরুর দুই সেট জিতে স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন অনেকটাই। এরপরই শুরু রুদ্ধশ্বাস নাটকীয়তা। পরের দুই সেটে পাল্টা দিয়ে একপেশে ফাইনালে উত্তাপ ফিরিয়ে আনলেন শিরোপা ধরে রাখার লক্ষে নামা কার্লোস আলকারাস। মাটি কামড়ে দুজন লড়ে গেলেন পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে। ফ্রেঞ্চ ওপেনের উন্মুক্ত যুগের ইতিহাসের দীর্ঘস্থায়ী ফাইনাল (৫ ঘণ্টা ২৯ মিনিট) জিতে শিরোপা ধরে রাখলেন এই স্প্যানিয়ার্ড।

সিনারকে রোববার ফাইনালে ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২) ব্যবধানে হারিয়ে আনন্দে কোর্টে শুয়ে পড়লেন আলকারাস। এরপরই দ্রুতই উঠে দাঁড়িয়ে সিনারের সাথে করমর্দন করে ছুটলেন গ্যালারিতে।

ফরাসি ওপেনের পুরুষ এককের উন্মুক্ত যুগের আগের দীর্ঘস্থায়ী ফাইনালের রেকর্ডটি গড়েছিলেন ম্যাট ভিলেন্ডার ও গুইলের্মো ভিলাস। ১৯৮২ সালের সেই ফাইনালে দুজনের লড়াই স্থায়ী হয়েছিল ৪ ঘণ্টা ৪২ মিনিট।

এ নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেতে পেতেও পেলেন না সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে দুটি (২০২৪ ও ২০২৫) এবং ইউএস ওপেনের ১টি (২০২৪) ট্রফি জিতেছেন ২৩ বছর বয়সী এই তরুণ। 

লাল মাটির এই কোর্টে গত বছরই প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন আলকারাস। দারুণ পথচলায় এবার এখানে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। অর্জনের শোকেসে এই স্প্যানিয়ার্ডের আগে থেকেই ছিল দুটি উইম্বলডন ও একটি করে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন ট্রফি।

এবার আলাকারাসের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। স্পেনের দ্বিতীয় বাছাই শুরুর প্রথম সেট সিনারের কাছে হেরে বসেন ৬-৪ গেমে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে দ্বিতীয় সেটে। টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে প্রথমবার এই ট্রফি জয়ের সম্ভাবনা জোরাল করেন সিনার। তৃতীয় সেটে ছন্দে হারানো সিনারকে ৬-৪ গেমে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন আলকারাস।

চতুর্থ সেটে এক পর্যায়ে ৩-৩ সমতায় থাকার পর আলকারাসের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান সিনার। নিজের সার্ভিসে জিতে ব্যবধান বাড়িয়ে নেন ৫-৩ গেমে। আলকারাসও পাল্টা দেন দ্রুতই। ৬-৬ সমতার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে। তাতে ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে।

শিরোপা নির্ধারণী সেটও ছিল রোমাঞ্চে ঠাসা। সিনারের সার্ভিস ব্রেক করে আলকারাস এগিয়ে যান শুরুতেই। ছন্দ হারিয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মেজাজও হারান সিনার, র‌্যাকেট ছুঁড়ে মারেন মাটিতে। এরপর ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান তিনি। 

পরের গেমেই দুর্দান্ত খেলে ৬-৬ সমতা ফেরান আলকারাস। টাইব্রেকারে গড়ায় এই সেটের ভাগ্যও। সেখানে ১০-২ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন আলকারাসই। ধ্রুপদী এক ফাইনাল শেষে হারের হতাশায় পুড়তে হয় সিনারকে।