সিটি ও আর্সেনালকে হারিয়ে ক্যারিক, ‘সামনে আরও বড় ম্যাচ আছে’
সামনের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার জন্য বার্তা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ।
দুঃসময়ের আঁধারে যেন আলোর রেখা খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরপর দুই ম্যাচে তারা হারিয়েছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালকে। তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না দলটির অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক। সামনের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি।
এমিরেটস স্টেডিয়ামে রোববার পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারায় ইউনাইটেড। ২০১৭ সালের ডিসেম্বরের পর এই মাঠে লিগ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির প্রথম জয় এটি।
দীর্ঘদিন ধরেই অতীতের কঙ্কাল হয়ে আছে ইউনাইটেড। একের পর এক ব্যর্থতায় এই বছরের শুরুতে চাকরি হারান তখনকার কোচ হুবেন অ্যামুরি। দুই ম্যাচের জন্য দায়িত্ব পান ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার। কিন্তু দল বের হতে পারেনি ব্যর্থতার বৃত্ত ভেঙে, ব্রাইটনের বিপক্ষে হেরে ছিটকে যায় তারা এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে।
পরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় খেলোয়াড় হিসেবে ইউনাইটেডের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী ক্যারিককে। তার কোচিংয়ে প্রথম ম্যাচেই গত সপ্তাহে ঘরের মাঠে লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দেয় ইউনাইটেড।
এবার আর্সেনালের বিপক্ষে এই জয়। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে আছে ইউনাইটেড।
এই মৌসুমে ইতোমধ্যে দুটি কাপ প্রতিযোগিতা থেকেই ইউনাইটেড বিদায় নিয়েছে। প্রিমিয়ার লিগে বাকি আছে এখনও ১৫ ম্যাচ।
আর্সেনালকে হারানোর পর ক্যারিক বলেন, আগামী রোববার ফুলহ্যামের বিপক্ষে লড়াই থেকে শুরু করে প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
“উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি না আমি। আমাদের সামনে কিছু বড় ম্যাচ আছে, আরও বড় ম্যাচ, কারণ পরবর্তী প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। তাই পা মাটিতেই রাখছি আমরা। আমাদের সামনে সত্যিই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে।”
“(সিটি ও আর্সেনালকে হারানো) থেকে অনেক উৎসাহ, অনেক প্রাণশক্তি ও অনেক আত্মবিশ্বাস নিতে পারেন, তবে নম্র থাকতে হবে এবং বুঝতে হবে যে আমরা কীভাবে এই ফলাফল পেয়েছি। এটি এগিয়ে যাওয়ার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।”
২০২১ সালেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তিন ম্যাচে ইউনাইটেডের দায়িত্বে ছিলেন ক্যারিক। ওই তিন ম্যাচে অপরাজিত ছিলেন তিনি (দুই জয় ও এক ড্র), যার শেষটিতে আর্সেনালের বিপক্ষে এবারের মতোই ৩-২ গোলে জিতেছিল ইউনাইটেড।
চলতি মৌসুম শেষে স্থায়ীভাবে দায়িত্ব নেবেন কি-না, সে ব্যাপারে এখনই কিছু বলতে চান না ইউনাইটেডের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
“পরবর্তীতে (কোচের পদ) কী হবে, প্রতি সপ্তাহে এর উত্তর দেব না আমি। কাজটা উপভোগ করছি এবং যা করতে পারি তা চালিয়ে যাব।”
