১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কাঠমাণ্ডুতে সানজিদা-অর্পিতাদের হার

প্রথমবারের মতো মাঠে গড়ানো সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চ্যাম্পিয়নদের শুরুটা হলো হতাশায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

রোমাঞ্চ নিয়ে সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খেলতে যাওয়া সানজিদা-অপির্তা-মেঘলাদের শুরুটা হয়নি আশানুরূপ। নেপালের চ্যাম্পিয়ন এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের বিপক্ষে হেরে যাত্রা শুরু করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার ৪-০ গোলে হেরেছে নাসরিন একাডেমি।

২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে খেলার সুযোগ পায় নাসরিন একাডেমি। তবে মাঝে এক মৌসুমে লিগ না হওয়ায় দলটি ছিল প্রস্তুতির বাইরে। 

তাছাড়া জাতীয় দলের ক্যাম্প চলায় মারিয়া-মনিকারাও খেলতে পারছেন না। সব মিলিয়ে অপির্তা, জয়নব, পুজা, মেঘলাদের মতো তরুণদের নিয়ে নেপালে নোঙর ফেলেছে দলটি। মাঠের লড়াইয়ে নেমে শুরুতে পেল তেতো স্বাদ।

স্বাগতিক দলের চাপের মুখে পোস্টে মেঘলা রানী রায় অনেকটা সময় ছিলেন দেয়াল হয়ে। দশম মিনিট রাশমি কুমারি ঘিসিংয়ের শট ঝাঁপিয়ে কর্নার করে দেন তিনি। এই কর্নার থেকে বিপদে পড়তে বসেছিল বাংলাদেশের দল, গোললাইন থেকে বল আটকান জয়নব বিবি রিতা।

সানজিদা-জয়নবদের আত্মবিশ্বাসে চিড় ধরে ৩৮তম মিনিটে। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি অর্পিতা বিশ্বাস। তার দূর্বল ক্লিয়ারেন্সে বল যায় মিনা দেউবার পায়ে। শট নেওয়ার সুযোগ না থাকায় তিনি বাড়িয়ে দেন রাশমিকে, দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ঝাঁপিয়েও পাননি বলের নাগাল মেঘলা।

৫৯তম মিনিটে রাশমির প্লেসিং শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মেঘলা। আট মিনিট পর অনিতা বাসনেত শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন তিনি। ৭০তম মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে মিনার শট ফেরাতে পারেননি মেঘলা। এরপর রাশমি ও মিনা আরও একবার করে জালের দেখা পেলে বড় হার নিশ্চিত হয়ে যায় নাসরিন একাডেমির।

রাউন্ড রবিন লিগে সোমবার পাকিস্তানের দল করাচি সিটির মুখোমুখি হবেন সানজিদা-জয়নবরা।