২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ইউনাইটেডের ইতিহাসে জায়গা পাওয়া ফের্নান্দেসের প্রাপ্য’

চেলসির বিপক্ষে জয়ের পর অধিনায়ককে প্রশংসায় ভাসালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি।

‘ইউনাইটেডের ইতিহাসে জায়গা পাওয়া ফের্নান্দেসের প্রাপ্য’
ব্রুনো ফের্নান্দেসকে (ডানে) কিছু একটা বলছেন কোচ হুবেন অ্যামুরি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

দুঃসময়ের বলয়ে থাকা দলকে এগিয়ে নিয়েছেন গোল করে। রাঙিয়েছেন মাইলফলকের উপলক্ষ। যতক্ষণ খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। চেলসির বিপক্ষে ব্রুনো ফের্নান্দেসের সামগ্রিক পারফরম্যান্সে খুবই খুশি হুবেন অ্যামুরি। অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ২-১ গোলে হারায় ইউনাইটেড। 

আসরে পাঁচ ম্যাচে ইউনাইটেডের দ্বিতীয় জয় এটি। প্রথম চার রাউন্ডের দুটিতে তারা হেরেছিল, ড্র করেছিল একটি। 

ম্যাচের পঞ্চম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। প্রথমার্ধের যোগ করা সময়ে একজন কমে যায় স্বাগতিকদেরও।

চতুর্দশ মিনিটে বল জালে পাঠিয়ে ইউনাইটেডের জার্সিতে ২০০তম ম্যাচে ১০০তম গোলের দেখা পান ফের্নান্দেস। ৩৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন কাসেমিরো। শেষ দিকে ব্যবধান কমায় সফরকারীরা। 

গোল করার বাইরেও দুটি মুহূর্ত যেন স্পষ্ট করে দেয়, দলে ফের্নান্দেসের প্রভাব কতটা। শেষ মুহূর্তে চেলসির অধিনায়ক রিস জেমসের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রায় ৪০ গজ দৌড়ে গিয়ে জোরাল শট নেন তিনি, যা ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক।

তারপর মুখ ঘুরিয়ে গ্যালারির সমর্থকদের দিকে তাকিয়ে চিৎকার করে তিনবার ‘কাম অন’ বলে সবাইকে উজ্জীবিত করেন ফের্নান্দেস। কয়েক মিনিট পর বদলি হয়ে মাঠ ছাড়লেও সাইডলাইনে বসে সতীর্থদের উজ্জীবিত করতে থাকেন তিনি।

ওই মুহূর্তগুলোর জন্য ম্যাচ শেষে ৩১ বছর বয়সী ফুটবলারকে প্রশংসায় ভাসান ইউনাইটেড কোচ অ্যামুরি। 

“সব প্রশংসাই তার (ফের্নান্দেস) প্রাপ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলে তার প্রভাব। সব ম্যাচে হয়তো সেরা অবস্থায় থেকে সে নায়ক হতে পারে না, কিন্তু অধিনায়কের কাজ হলো প্রতিটি পরিস্থিতিতে সাধ্যমতো দলকে এগিয়ে নেওয়া। সেটা সে করছে।”

“আমার মতে, সে আরও ভালো খেলতে পারে। সত্যি বলতে আমাদের দলে সবাই আরও ভালো খেলতে পারে। আমাদের ক্লাবের ইতিহাসে তার (ফের্নান্দেস) জায়গা প্রাপ্য। শুধু তার পারফরম্যান্সের জন্য নয়, বরং তার নেতৃত্বে দল যা অর্জন করেছে, তার জন্যও।”

ফের্নান্দেসকে নিয়ে সমালোচনাও কম হয়নি। সৌদি প্রো লিগ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ক্লাবে থেকে গেছেন তিনি। নাহলে ইউনাইটেডের সংকট আরও গভীর হতো।