Published : 05 Apr 2026, 03:23 PM
আক্রমণ, পাল্টা আক্রমণ, লাল কার্ড, গোলের জবাবে গোল- ম্যাচ জুড়ে রোমাঞ্চ-উত্তেজনার কমতি রইল না। দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়ে খেলে হার এড়ানোর পথেই ছিল আতলেতিকো মাদ্রিদ। শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র। সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা।
মাদ্রিদের মেত্রোপলিতানোয় শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই চমৎকার গোলে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে তার বদলি নেমে জয়সূচক গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি।
দিনের শুরুতে মায়োর্কার মাঠে রেয়াল মাদ্রিদ হারায় বার্সেলোনার সামনে সুযোগ আসে সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল কাতালান দলটি।
৩০ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৭৬। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে ভিয়ারেয়াল।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর বার্সেলোনার প্রথম ম্যাচ ছিল এটি। চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে পায়নি তারা।
প্রায় ৭০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। আতলেতিকোর ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।
দ্বিতীয় মিনিটে একটি হাফ চান্স পায় বার্সেলোনা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন জোয়াও কান্সেলো, অন্য পাশে দুরূহ কোণ থেকে লামিনে ইয়ামালের শট আটকে দেন এক ডিফেন্ডার। সপ্তম মিনিটে র্যাশফোর্ডের ফ্রি কিক ঠেকান গোলরক্ষক হুয়ান মুসো।
একাদশ মিনিটে সুযোগ পায় আতলেতিকো। বক্সে ঢুকে অঁতোয়ান গ্রিজমানের নেওয়া শট অনায়াসে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। ইয়ামালের চমৎকার পাসে প্রতিপক্ষের বাধায় বক্সের বাইরে থেকে ঠিকমতো শট নিতে পারেননি ফের্মিন লোপেস, বল পোস্টের বাইরে দিয়ে যায়।
৩৫তম মিনিটে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ইয়ামাল। ফিরতি বলে স্প্যানিশ তারকার শট পোস্টের বাইরের দিকে লাগে।
৩৯তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। নিজেদের অর্ধ থেকে ক্লেঁমো লংলের উঁচু করে বাড়ানোর বল অফসাইডের ফাঁদ এড়িয়ে নিয়ন্ত্রণে নিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন জুলিয়ানো সিমেওনে।
আতলেতিকোর এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই র্যাশফোর্ডের দারুণ গোলে সমতায় ফেরে বার্সেলোনা। মাঝমাঠ থেকে বাঁ দিক দিয়ে বল ধরে এগিয়ে বক্সের বাইরে দানি ওলমোকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ইংলিশ ফরোয়ার্ড, সতীর্থের ফিরতি পাস পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। পরে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার ফের্মিন লোপেস, আতলেতিকোর নাহুয়েল মোলিনা ও কোকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ঠিক বাইরে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নিকো গন্সালেস। পরে মনিটরে রিপ্লে দেখে আর্জেন্টাইন এই উইঙ্গারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বল ক্লিয়ারের চেষ্টায় ফলো থ্রুতে মোলিনার পা মাড়ানোয় জেরার্দ মার্তিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে মনিটরে দেখে আগের সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেন তিনি। বেঁচে যায় বার্সেলোনা।
৫৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে ইয়ামালের নেওয়া শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ৬৬তম মিনিটে কান্সেলোর ক্রসে তরেসের শট ফিরিয়ে দেন মুসো।
আতলেতিকোর ওপর চাপ ধরে রাখে বার্সেলোনা। জমাট রক্ষণে তাদের আটকে রাখে স্বাগতিকরা। অবশেষে ৮৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে কান্সেলোর কোনাকুনি শট গোলরক্ষক মুসো ফিরিয়ে দেন, তবে কাছেই দাঁড়ানো লেভানদোভস্কির বুকে লেগে জালে জড়ায় বল!
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে সুইডেনের বিপক্ষে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে পোল্যান্ড ও লেভানদোভস্কির। ক্লাবে ফিরে ৭৯তম মিনিটে বদলি নেমে পোলিশ তারকাই শেষের নায়ক।
আগামী বুধবার আবার মুখোমুখি হবে এই দুই দল, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগটি হবে বার্সেলোনার মাঠে।